Dhaka Mail Logo

জাতীয়

ডব্লিইউএইচও’র এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণে কুয়েটের নজির

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুরক্ষিত রাখতে ডব্লিইউএইচও-এর এফসিটিসি আর্টিকেল ৫.৩ এর আলোকে আচরণবিধি গ্রহণ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।  ফলে প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে কুয়েট। 

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় কুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়ক নীতিমালা সংরক্ষণে এফসিটিসির ৫.৩ অনুচ্ছেদের আলোকে আচরণবিধি প্রণয়ন ও গ্রহণ’ শীর্ষক অনুষ্ঠানের এই নীতিমালা গ্রহণ ও স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

কুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. মঞ্জুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একই বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তরবিষয়ক সম্পাদক সৈয়দা অনন্যা রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার সানজিদা আক্তার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এফসিটিসির ৫.৩ অনুচ্ছেদের গুরুত্ব, তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নীতিনির্ধারণী পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খান।

প্রবন্ধ উপস্থাপনায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে তরুণ নেতৃত্ব সৃষ্টি এবং চাকরির প্রলোভন দেখিয়ে তামাক কোম্পানির নানাবিধ চটকদার আয়োজনের উদ্যেশ্য এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন। 

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের উদ্যোগ এবং তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থ পরস্পরবিরোধী। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে তামাক কোম্পানির বাণিজ্যিক স্বার্থসংশ্লিষ্ট প্রভাবমুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) ৫.৩ অনুচ্ছেদ অনুযায়ী আচরণবিধি গ্রহণ ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, পূর্বে ৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই আচরণবিধি গ্রহণ করলেও প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েট এই সাহসী পদক্ষেপ গ্রহণ করলো, যা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

এই উদ্যোগ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের দফতর বিষয়ক সম্পাদক সৈয়দা অনন্যা রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এএম