Dhaka Mail Logo

জাতীয়

১৯ দিনে ৫৫ হাজার আবেদন, অটোরিকশার লাইসেন্স নিয়ে সিদ্ধান্তহীনতা

মাহফুজুর রহমান

২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল দীর্ঘদিন ধরেই যানজট, দুর্ঘটনা ও বিশৃঙ্খলার অন্যতম কারণ হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ এসব যানবাহন নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলা হলেও কার্যকর কোনো ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এবার অটোরিকশাগুলোকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ লক্ষ্যে আবেদন ফরম বিক্রি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১৯ দিনে বিক্রি হয়েছে প্রায় ৫৫ হাজার ফরম।

তবে বিপুলসংখ্যক চালক ও মালিক নিবন্ধনের আগ্রহ দেখালেও কারা শেষ পর্যন্ত লাইসেন্স পাবেন, কোন ধরনের অটোরিকশা চলাচলের অনুমতি পাবে এবং লাইসেন্সের মেয়াদ কত দিন হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংস্থাটি। প্রাথমিক আলোচনায় চিকন চাকার অটোরিকশা লাইসেন্স পাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে মোটা চাকার অটোরিকশাকে এক থেকে দুই বছর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশায় তৈরি অটোরিকশাকে পাঁচ থেকে ১২ বছর পর্যন্ত লাইসেন্স দেওয়ার চিন্তাভাবনা চলছে। ফলে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও অটোরিকশা নিয়ন্ত্রণের চূড়ান্ত কাঠামো নিয়ে এখনো রয়ে গেছে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা।

রোববার (২২ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন

‘নতুন দানব’ ব্যাটারিচালিত অটোরিকশা, অসহায় প্রশাসন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গত ৩ নভেম্বর থেকে অটোরিকশার নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। নগর ভবন ও ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়গুলো থেকে এসব ফরম বিক্রি করা হচ্ছে। কার্যক্রম শুরুর পর থেকে চালক ও মালিকদের মধ্যে ফরম সংগ্রহের আগ্রহ দেখা গেছে। এরই মধ্যে ৫৫ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে ফরম কেনা বা আবেদন করলেই যে সংশ্লিষ্ট অটোরিকশা লাইসেন্স পাবে, এমন নিশ্চয়তা নেই।

নিবন্ধনের আবেদন নেওয়া হলেও এখন পর্যন্ত লাইসেন্স দেওয়ার সুনির্দিষ্ট প্রক্রিয়া চূড়ান্ত করতে পারেনি ডিএসসিসি। কোন ধরনের অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে, কোন শর্তে লাইসেন্স দেওয়া হবে এবং লাইসেন্সের মেয়াদ কত দিন নির্ধারণ করা হবে এসব বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সংস্থাটি।

নিবন্ধন আবেদন করছেন রিকশা মালিকরা। ছবি: ঢাকা মেইল
নিবন্ধন আবেদন করছেন রিকশা মালিকরা। ছবি: ঢাকা মেইল

 

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক কর্মকর্তা ঢাকা মেইলকে জানান, লাইসেন্স দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের নিয়ে বসে আলোচনা করে ঠিক করা হবে কাদের লাইসেন্স দেওয়া হবে এবং লাইসেন্সের মেয়াদ কত দিন থাকবে। আপাতত ৫৫ হাজার ফরম বিক্রি হয়েছে। তবে ফরম বিক্রির পরবর্তী ধাপে কীভাবে লাইসেন্স দেওয়া হবে, সেটি এখনো নির্ধারণ করা হয়নি।

এই কর্মকর্তা বলেন, বর্তমানে বাজারে প্রচলিত অটোরিকশাগুলোর মধ্যে চিকন চাকার যানগুলোকে লাইসেন্স দেওয়ার সম্ভাবনা খুবই কম। এসব অটোরিকশায় শুধু সামনের দিকে ব্রেক থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেশি বলে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে মোটা চাকার অটোরিকশাগুলোতে পেছনের চাকায়ও ব্রেক রয়েছে। ফলে সেগুলোকে এক থেকে দুই বছরের জন্য লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বুয়েটের নকশা অনুযায়ী তৈরি অটোরিকশার ক্ষেত্রে তুলনামূলক দীর্ঘ মেয়াদে লাইসেন্স দেওয়ার চিন্তাভাবনা রয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এসব অটোরিকশাকে পাঁচ থেকে ১২ বছর পর্যন্ত লাইসেন্স দেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। তবে কোন ধরনের অটোরিকশার জন্য কত দিনের লাইসেন্স দেওয়া হবে, তা আলোচনার পর নির্ধারণ করা হবে। আপাতত নতুন করে কোড দেওয়ার কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন

মান যাচাই ছাড়াই অবাধে তৈরি হচ্ছে ব্যাটারি রিকশা, বাড়ছে সড়কের ঝুঁকি

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে স্থানীয় সরকার বিভাগ। এ বিধিমালার আওতায় অটোরিকশার নিবন্ধন, কারিগরি মান, নিরাপত্তা, চলাচলের এলাকা ও সংখ্যা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। নিবন্ধিত যানবাহনের জন্য কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট দেওয়ার বিধানও রয়েছে।

বিধিমালা অনুযায়ী, নিবন্ধনের ক্ষেত্রে বুয়েটের নির্ধারিত কারিগরি ও নিরাপত্তার মান পূরণ করতে হবে। পাশাপাশি ফিটনেস সনদ এবং সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া নিবন্ধন বা নবায়নের সুযোগ নেই। নির্দিষ্ট জোন ও রুটের বাইরে ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও বিধিমালায় রাখা হয়েছে।

তবে নিবন্ধন কার্যক্রম শুরুর প্রায় তিন সপ্তাহ পার হলেও বাস্তবে কোন ধরনের অটোরিকশা এই প্রক্রিয়ায় টিকবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশেষ করে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করা প্রচলিত অটোরিকশাগুলোর ভবিষ্যৎ কী হবে, তা এখনো স্পষ্ট নয়। চিকন চাকার অটোরিকশা লাইসেন্সের বাইরে থাকলে সেগুলোর মালিক ও চালকদের কী করতে হবে, মোটা চাকার অটোরিকশাগুলো কত দিন চলতে পারবে এবং বুয়েটের নকশায় তৈরি নতুন অটোরিকশার সঙ্গে পুরনো যানগুলোর সমন্বয় কীভাবে হবে এসব বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

রাজধানীর যানজটের অন্যতম কারণ অটোরিকশা। ছবি: ঢাকা মেইল
রাজধানীর যানজটের অন্যতম কারণ অটোরিকশা। ছবি: ঢাকা মেইল

ফলে একদিকে নিবন্ধনের ফরম কিনতে বিপুলসংখ্যক মালিক ও চালকের আগ্রহ দেখা গেলেও অন্যদিকে লাইসেন্স দেওয়ার শর্ত ও মেয়াদ নির্ধারণে ডিএসসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এখনো অটোরিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু হয়নি। আবেদন ফরমে অতিরিক্ত চারটি তথ্য যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংস্থাটি। আবেদনকারীর বসবাসের এলাকা, পেশা, মাসিক আয় এবং তিনি নিজে অটোরিকশা চালাবেন কি না এসব তথ্য ফরমে যুক্ত করতে চায় ডিএনসিসি।

আরও পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, নম্বর প্লেট-কিউআর কোডে হবে শনাক্ত

এ ছাড়া ফরমের মূল্য নির্ধারণের বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে সংস্থাটি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ আবেদন ফরম বিক্রির কথা রয়েছে। তবে নিবন্ধনের আওতায় কতটি অটোরিকশা আনা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের জরিপ ও সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফলে রাজধানীর দুই সিটি করপোরেশনে অটোরিকশা নিবন্ধন কার্যক্রমে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। দক্ষিণ সিটিতে ইতোমধ্যে ৫৫ হাজার ফরম বিক্রি হলেও উত্তরে এখনো ফরম বিক্রির প্রস্তুতিই শেষ হয়নি। একদিকে দক্ষিণে লাইসেন্স দেওয়ার শর্ত ও মেয়াদ নির্ধারণে আলোচনা চলছে, অন্যদিকে উত্তরে ফরম বিক্রির অনুমোদন পাওয়ার অপেক্ষা।

এম/জেবি