নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সাতটি জেলায় প্রায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। জেলাগুলো হলো- ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজার।
রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিজিবি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।
এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে শনিবার (২১ নভেম্বর) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সাত জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের কথা জানানো হয়।
এদিন বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৯ প্লাটুন সদস্য ইতোমধ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। বাকি চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, পলাতক শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন- এমন খবরে গত কয়েক দিন ঢাকা, গোপালগঞ্জ এবং ফরিদপুরসহ বিভিন্ন জেলায় ব্যাপক সহিংতা চালিয়েছে পতিত আওয়ামী ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর মধ্যে রয়েছে গোপালগঞ্জে থানা এবং দুজন সংসদ সদস্যের বাড়ি জ্বালিয়ে দেওয়া, সংরক্ষিত নারী আসনের একজন এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা, নড়াইলে মিছিলে হামলা চালিয়ে দুজনকে হত্যা, ফরিদপুরে একজনকে হত্যা।
এছাড়া রাজধানী ঢাকায় বেশ কিছু বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার।
এএইচ