Dhaka Mail Logo

জাতীয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাত্রাকে আরামদায়ক করেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। সময়ও বাঁচাচ্ছে অনেক। কিন্তু এই আরামের সড়কেই গত চার বছরে যে পরিমাণ দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটেছে, সেটি যাত্রীদের নিরাপদ যাত্রা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত বলছে, গত চার বছরের কিছু বেশি সময়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৫৪ জন নিহত এবং ৯৬২ জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

৫৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় ৩৫ কিলোমিটার মুন্সীগঞ্জ জেলার মধ্য দিয়ে গেছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ এটি। দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী, এই এক্সপ্রেসওয়েতে প্রতি মাসে গড়ে প্রায় ১২টি দুর্ঘটনা ঘটছে।

বিশেষজ্ঞদের মতে, বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা দুর্ঘটনার অন্যতম কারণ। তাদের সতর্কবার্তা, শুধু প্রযুক্তিনির্ভর নজরদারি দিয়ে দীর্ঘমেয়াদে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এজন্য নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি সড়কের অবকাঠামোগত ঝুঁকিও দূর করতে হবে।

S

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ বলেন, গতিসীমা নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর সুফল পেতে হলে যথাযথ নজরদারি ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অপরাধ শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় শুধু ক্যামেরা স্থাপন করে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এক্সপ্রেসওয়েতে স্থাপিত স্পিড ক্যামেরার উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি যানবাহনের আইন লঙ্ঘন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ অন্যান্য মহাসড়কে পরিকল্পিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হলে ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হবে।

তবে প্রভাবশালী ব্যক্তি কিংবা পরিবহন মালিক-শ্রমিক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার না করে সবার ক্ষেত্রে সমানভাবে ট্রাফিক আইন প্রয়োগের ওপর জোর দেন তিনি। তার মতে, বেছে বেছে আইন প্রয়োগ করলে জনগণের আস্থা নষ্ট হয় এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুরো অংশ কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ক্যামেরার নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। 

এ ব্যবস্থায় অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মহাসড়কগুলোর পাশাপাশি পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক সড়কেও এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

S

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা এক্সপ্রেসওয়ের আশপাশে বসবাসকারী মানুষের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে দৈনন্দিন প্রয়োজনে যেসব পথচারীকে মহাসড়ক পারাপার হতে হয়, তাদের জন্য নিরাপদ ও সহজে ব্যবহারযোগ্য ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

‘নিরাপদ সড়ক চাই’য়ের (নিসচা) মহাসচিব লিটন এরশাদ বলেন, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের আশপাশের কিছু এলাকায় পথচারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব রয়েছে। যেসব এলাকায় মানুষের চলাচল বেশি, সেগুলো গবেষণার মাধ্যমে চিহ্নিত করে উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ওভারপাস কিংবা আন্ডারপাসের অবস্থান দূরে হলে অথবা সেগুলো ব্যবহার করা অসুবিধাজনক হলে স্থানীয় বাসিন্দারা অনেক সময় মূল সড়ক দিয়েই পারাপারের চেষ্টা করেন। বাংলাদেশের ঘনবসতি ও সড়কের পাশে জনবসতির কারণে এক্সপ্রেসওয়ে পরিকল্পনা করা চ্যালেঞ্জিং। তাই শুধু অবকাঠামোগত নিয়ম পূরণ করলেই হবে না; স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে সহজে ব্যবহারযোগ্য পারাপারের ব্যবস্থা করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

একজন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ঢাকামুখী একটি সড়কে সেতুর সংযোগস্থলের ঢাল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বিশেষ করে বৃষ্টি কিংবা অন্ধকারের সময় ওই ঢালের কারণে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে দক্ষ প্রকৌশলীদের মাধ্যমে কারিগরি মূল্যায়ন প্রয়োজন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, এক্সপ্রেসওয়ের নিরাপত্তা বজায় রাখতে কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিহার্য। নসিমন ও করিমনের মতো ধীরগতির স্থানীয় যানবাহন উচ্চগতির সড়কে চলাচলের অনুমতি দেওয়া উচিত নয়। পাশাপাশি সার্ভিস রোড, আন্ডারপাস ও ওভারপাস যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে স্থানীয় যানবাহন ও পথচারীদের মূল সড়কে প্রবেশ করতে না হয়।

S

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশের বিদ্যমান গাড়ি চালানোর সংস্কৃতি ও আইন প্রয়োগের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে গতিসীমা নির্ধারণ করা উচিত। অন্যান্য দেশে উচ্চগতিতে গাড়ি চালানোর সুযোগ থাকলেও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত না করে গতিসীমা বাড়ালে দুর্ঘটনার ঝুঁকি ও ভয়াবহতা—দুটিই বাড়তে পারে।

মোটরসাইকেল দুর্ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, সংঘর্ষের সময় মোটরসাইকেল চালকদের শারীরিক সুরক্ষা তুলনামূলকভাবে কম থাকে। তাই চালক ও আরোহী উভয়ের জন্য মানসম্মত হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। নিম্নমানের ও সস্তা হেলমেট দুর্ঘটনার সময় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না। পাশাপাশি গ্লাভস, কনুই ও হাঁটু রক্ষাকারী গার্ড ব্যবহার এবং নিরাপদ গতিতে চলাচলের পরামর্শ দেন তিনি।

দুর্ঘটনা কমাতে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত, বৈজ্ঞানিক গবেষণা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে স্বাধীন তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন অধ্যাপক ড. তালুকদার। তিনি দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণব্যবস্থা উন্নত করার পাশাপাশি আহত ব্যক্তিদের ৩০ দিন পর্যন্ত অনুসরণ করার আহ্বান জানান। এতে দুর্ঘটনায় আহত হওয়ার পরবর্তী সময়ে কেউ মারা গেলে সেই তথ্যও প্রাণহানির পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রকৃত চিত্র পাওয়া যাবে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার পেছনে সড়কের নকশা ও অবকাঠামোর মতো ভৌত কারণের পাশাপাশি মানুষের আচরণ ও মনস্তত্ত্বের মতো অবস্তুগত কারণও জড়িত। কার্যকর সমাধান প্রণয়নের আগে এসব বিষয় যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। এ জন্য নির্বাচিত কয়েকটি সড়কে স্থানীয় জনগোষ্ঠী ও কারিগরি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে পরীক্ষামূলক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেন তিনি।

এছাড়া বড় অবকাঠামো প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাই, ট্রাফিক জরিপ, রক্ষণাবেক্ষণ পরিকল্পনা, পরিবেশগত মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন এই বিশেষজ্ঞ। সূত্র: বাসস

এএইচ