Dhaka Mail Logo

জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে বলে জানান তিনি।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগ ভেবেছিল, সরকারও তাদের মতো গুলি চালাবে। তবে বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। এ নিয়ে দলটির কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ওই সময়ে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের উত্থান ঘটবে, তা তাঁরা বুঝতে পারেননি। ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাঁদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ নামে চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আইনমন্ত্রী অভিযোগ করেন, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাঁদের অনেকেই এখনো ফেরেননি। নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশায় তাঁদের পরিবারের সদস্যরা এখনো প্রার্থনা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন আইনমন্ত্রী।

সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি এবং বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।

এআর