Dhaka Mail Logo

জাতীয়

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: পাঁচজনের মধ্যে শতভাগ দগ্ধ সাবার মৃত্যু

২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

রাজধানীর ধানমন্ডির কাঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ হওয়া সাবা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় দগ্ধ আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
  
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, মারা যাওয়া সাবার শিশুসন্তান আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনের মধ্যে গৃহবধূ সাবার শরীরে ১০০ শতাংশ পুড়ে যাওয়ায় আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 চিকিৎসাধীন অপর আহতরা হলেন—আবদুর রহমান (২৯), যার শরীরের ৬ শতাংশ দগ্ধ হওয়ার পাশাপাশি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে; সানজিদার (২০) ৩৭ শতাংশ দগ্ধসহ শ্বাসনালি ক্ষতিগ্রস্ত এবং সামসুন নাহারের (৫০) শরীরের ৪০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, নিহত সাবা ব্যতীত চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে শিশু রহমানসহ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এমএমআর/এসআই