জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অ্যালিয়ন প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর জনপদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৪২) ও মো. কাওছার পাটোয়ারী (৪১)। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে অ্যালিয়ন প্রাইভেটকারে করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ডিএনসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
অধিদফতরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং তার সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশী করে গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।
এমআইকে/এসআই