Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের পরিচয় মিলেছে, আশঙ্কাজনক ৪

১৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- আব্দুর রহমান (২৯), সাভা (৩০), এক বছর ছয় মাস বয়সী শিশু সন্তান আর এস রহমান, সানজিদা (২০) ও শামসুন্নাহার (৫০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার সকালে কাঠালবাগান এলাকা থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আরএস রহমান ৫৭% ফ্লেম বার্ন। সাবা ১০০% ফ্লেম বার্ন। আবদুর রহমান ৬% ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি। সানজিদা ৩৭% ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি। সামসুন নাহার ৪০% ফ্লেম বার্নসহ ইনহেলেশন ইনজুরি হয়েছেন।

তিনি আরও জানান, আহত পাঁচজনের মধ্যে চার জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া এক বছর ছয় মাস বয়সী একটি শিশুও ৫৭ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের কথা জানা গেলেও কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এমএমআর/এসআই