Dhaka Mail Logo

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

  • ওরা সন্ত্রাসী, ওদের চরিত্র কখনো ঠিক হবে না
  • জনগণ ওদের বিষদাঁত ভেঙে দেবে
  • প্রতিবেশী দেশের ভূমিকার সমালোচনায় প্রধানমন্ত্রী
  • শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা, উসকানিতে পা দেবেন না

পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরে গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে সন্ত্রাসী ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী, যারা দেশে এবং বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে, তারা আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সুতরাং কথা একটাই—দেশে পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়ানো। এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সময় সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির সংসদ সদস্য এস এম জিলানিসহ নেতাকর্মীদের বাড়িঘরে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেন।

প্রধানমন্ত্রী সোচ্চার কণ্ঠে বলেন, ‘তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে বলি, যে আওয়াজ আজ থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া তুলেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন, আবারও আজ সেই আওয়াজ তুলে বলি, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এটাই হোক আজকের অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ—এই স্বাধীন-সার্বভৌম সংসদ—আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।’

‘জনগণ ওদের বিষদাঁত ভেঙে দেবে’

পুরো সংসদের সদস্যদের তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম, সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন, ২৪-এ আমরা যেভাবে পতিত, পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদের আবার ২৪-এর চেতনায় মাথা গুঁড়িয়ে দিতে চাই।’

প্রতিবেশী দেশের ভূমিকার সমালোচনা

প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংসদে দাঁড়িয়ে, অর্থাৎ সমগ্র বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গিয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নেই। বরং তারা সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আমাদের বক্তব্য সে জন্যই পরিষ্কার, আমাদের বক্তব্য সে জন্যই স্পষ্ট—দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় জনগণ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ, গণতান্ত্রিক জনগণ ২৪-এর গণ-অভ্যুত্থানও ঘটায়নি কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে, মাননীয় স্পিকার, আপনিও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের সেই স্বাধীনতাকে রক্ষা করেছিল। এই বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী, যারা দেশে এবং বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে, তারা আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে।’

বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর সভাপতির আসনে বসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রীদের প্রশ্নোত্তর ও আইন প্রণয়ন কার্যাবলি নিষ্পত্তির পর সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো সংসদ অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান।

‘ওরা সন্ত্রাসী, ওদের চরিত্র কখনো ঠিক হবে না’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংসদ এবং এই সরকার যখন সংসদে আলোচনার মাধ্যমে দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনের চেষ্টা করছে, ঠিক সেই সময় পতিত, পলাতক, বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কথায় বলে, চোর না শোনে ধর্মের কাহিনি। আবারও প্রমাণিত হয়েছে, সুযোগ পেলেও এই ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনোই ঠিক হবে না। এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে, যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র। গত কয়েক দিনের চিত্রে আবারও পরিষ্কার হয়েছে, তারা সন্ত্রাসী।’

তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা (অধ্যাপক মুহাম্মদ ইউনূস)কে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। দুই দিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে তারা কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। এর বাইরেও এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, তখন তারা কী আচরণ করেছিল, আমরা দেখেছি। শুধু তা-ই নয়, ইতালিতে আমাদের একজন নারী শিল্পীর ওপর তারা কীভাবে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল, সেটিও দেশবাসী লক্ষ্য করেছে।’

‘পলাতক নেত্রী জনগণের বাড়িঘর জ্বালানোর নির্দেশ দিয়েছেন’

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তাঁর সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা সবার জানা। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আমরা সমগ্র দেশবাসী তা জেনেছি। গণতান্ত্রিক জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে, তারা কোনো রাজনৈতিক দল নয়। তারা যেহেতু কোনো রাজনৈতিক দল নয়, তাদের কথা ও কাজের মাধ্যমে সবকিছু দিয়ে তারা প্রমাণ করেছে, তারা রাজনৈতিক দল নয়। তাহলে তারা কী?’

এ সময় সংসদে উপস্থিত সদস্যরা ‘এরা সন্ত্রাসী’ বলে উচ্চারণ করেন।

তখন সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের পরিচয়—রাইট, ইউ আর। এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে, একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

সংসদের সমাপনীতে রেওয়াজ অনুযায়ী সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা বক্তব্য দেন।

সংসদ নেতা তাঁর বক্তব্যের শুরুতে চতুর্থ অধিবেশন কার্যকর করার ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই অধিবেশনে আমরা অনেক বিষয় নিয়ে সব পক্ষ আলোচনা করেছি। কোনো ক্ষেত্রে হয়তো কমবেশি একমত হয়েছি, আবার কোনো ক্ষেত্রে একমত হইনি। আলোচনা-সমালোচনা, মতপার্থক্য, ভিন্নমত এগুলো থাকবেই। গণতন্ত্রের এটাই বৈশিষ্ট্য। তবে দেশ ও জনগণের স্বার্থে আমরা সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যাব, ইনশা আল্লাহ। এভাবেই আমরা বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত এই সংসদকে ধীরে ধীরে সফল করে তুলব, ইনশা আল্লাহ। কারণ, এই সংসদ দাঁড়িয়ে আছে হাজারো মানুষের রক্তের ওপর। এই গণতান্ত্রিক জাতীয় সংসদ আমরা পেয়েছি বহু আত্মত্যাগের বিনিময়ে।’

১২ ফেব্রুয়ারি সরকার গঠনের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বিদেশে কর্মসংস্থান, বন্ধ কলকারখানার কিছু খুলে দেওয়া, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) থেকে বাংলাদেশে অর্থায়নের সুযোগ এবং বর্তমান বাজার পরিস্থিতির অবস্থা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

‘পোশাকশিল্প ও শ্রমিকদের মজুরি প্রসঙ্গ’

প্রধানমন্ত্রী বলেন, ‘গত বছর ধরে এ দেশের শ্রমিক ও মালিকেরা ধীরে ধীরে গার্মেন্টস শিল্পকে একটি সমৃদ্ধ শিল্প হিসেবে গড়ে তুলেছেন। গার্মেন্টস শিল্পে কর্মরত আমাদের শ্রমিক ভাই-বোনদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। সেই কারণে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই আমরা আশা করছি, ইনশা আল্লাহ, মজুরি কমিশন সর্বনিম্ন একটি মজুরি ঘোষণা করবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী আমাদের শ্রমিক ভাই-বোনেরা বেতন পাবেন। সব পক্ষই যেহেতু সর্বনিম্ন মজুরি ঘোষণা এবং সেই অনুযায়ী বেতন প্রদানে আন্তরিক, তাহলে যেসব শ্রমিক ভাই-বোনেরা বিদেশে থাকা পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে নিজ দেশের গার্মেন্টস ভাঙচুর করছেন বা আগুন ধরিয়ে দিচ্ছেন, নিজেদের কর্মস্থলের ক্ষতি সাধন করছেন, সেই শ্রমিক ভাই-বোনদের কাছে আমার এবং আমি মনে করি, এই সংসদের পক্ষ থেকে আমাদের সবার জিজ্ঞাসা—যদি নষ্টই করে ফেলেন, তাহলে ভাই বা বোন, আপনার বেতনটি আসবে কোথা থেকে? কীভাবে আসবে বেতন?’

‘শিল্প নষ্ট করে আপনাদের লাভটা কী?’

প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতক চক্রের বিষয়ে আমরা দেখেছি, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখেছি, কীভাবে তারা লুটপাট করে এই দেশের মানুষের অর্থ-সম্পদ বিদেশে নিয়ে আরাম-আয়েশে মগ্ন আছে। বিদেশে তারা কীভাবে আরাম-আয়েশে ঘুরে বেড়াচ্ছে, তা তো আমরা দেখছি। তাহলে শ্রমিক ভাই-বোনেরা, আপনাদের লাভটা কী? যদি ফ্যাক্টরি ভেঙে যায়, যদি কারখানাই নষ্ট হয়ে যায়, তাহলে আপনিও তো ধ্বংস হয়ে গেলেন।’

‘ওদের উসকানিতে পা দেবেন না’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় শ্রমিক ভাই-বোনেরা, আপনাদের প্রতি আমার আহ্বান, তিলে তিলে আপনারা এই শিল্প গড়ে তুলেছেন। সে জন্য কোনো প্রকার উসকানিতে দয়া করে আপনারা পা দেবেন না। নিজেদের হেফাজত করুন। একই সঙ্গে নিজেদের কর্মস্থল, যেটি আপনাকে আহার দেয়, সেই কর্মস্থলকেও হেফাজত করুন।’

তিনি বলেন, ‘বর্তমানে জনগণের নির্বাচিত এই সংসদ ও সরকার বাংলাদেশ পুনর্গঠনের কাজ করছে। দেশের জনগণ তাদের সমস্যার সমাধান আশা করে এই সংসদের কাছে, এই সরকারের কাছে। একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তাদের প্রতিনিধি হিসেবে আমাদের প্রত্যেককে জনগণ এই সংসদে পাঠিয়েছে। সে কারণেই সরকার প্রত্যেকটি এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে ধীরে ধীরে পদক্ষেপ গ্রহণ করছে। আজকে বিরোধীদলীয় রংপুরের বন্ধু আমাদের বলেছেন, সরকার কীভাবে অবহেলিত রংপুরকে উন্নত করার চেষ্টা করছে। বিরোধী বন্ধুর কথা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে, এই সংসদ এবং এই সংসদের মাধ্যমে গঠিত সরকার সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য কাজ করছে।’

সংসদ নেতার আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন।

বিইউ/এআর