বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘ওরা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

‘ওরা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রমাণ করেছে, কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। দেশে ও বিদেশে বারবার তারা নিজেদের এই পরিচয় দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পতিত ও পরাজিত ফ্যাসিস্ট শক্তি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে গার্মেন্ট শিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাও সেই ষড়যন্ত্রের অংশ বলে জনগণ বিশ্বাস করে।

তিনি বলেন, গত ৫০ বছরে এ দেশের শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গার্মেন্ট শিল্প একটি সমৃদ্ধ শিল্পে পরিণত হয়েছে। অথচ এই শিল্প ধ্বংসের পাঁয়তারা করছে পতিত অপশক্তি। স্বাস্থ্য খাতের মতো গার্মেন্ট শিল্পকেও অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা ভাবার সময় এসেছে।

গার্মেন্ট শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কেউ যেন নিজেদের কর্মস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ না করেন। কারখানা ধ্বংস হলে শ্রমিকদের বেতন আসবে কোথা থেকে সেই প্রশ্ন তুলে তিনি শ্রমিকদের নিজেদের কর্মস্থল রক্ষার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে সরকার আশা করছে।

দেশে ও বিদেশে সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশে-বিদেশে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামসহ বিভিন্ন ব্যক্তিকে লাঞ্ছিত করার চেষ্টা এবং ইতালিতে এক শিল্পীর ওপর হামলার ঘটনাও দেশবাসী দেখেছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং তাদের হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি প্রমাণ করেছে, তারা রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। একইভাবে ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ কারও আধিপত্য মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি।

দেশকে অস্থিতিশীল করা এবং তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো আবারও এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, বাংলাদেশকে আর কোনো তাবেদার শক্তির হাতে তুলে দেওয়া হবে না। ২০২৪ সালের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত স্বৈরাচারী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন,‘আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদএই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গোলামির শৃঙ্খল চায়, সেই অপশক্তি বা তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষ ভেঙে দেবে।’

২০২৪ সালের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, ২৪-এর চেতনায় আমরা যেভাবে পতিত, পলাতক স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, সেই একই চেতনায় আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।’ সংসদ পরিচালনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে চতুর্থ অধিবেশনে সমাপনী বক্তব্য শেষ করেন তিনি।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর