১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
রাজধানীর শ্যামপুরের পূর্ব জুরাইন এলাকার একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে মো. জনি (২৯) নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের বাইরে তালা লাগানো অবস্থায় ভেতরে মরদেহটি পড়ে ছিল। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে কদমতলী থানা-পুলিশ পূর্ব জুরাইনের মদিনা মসজিদ রোডের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত জনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বালুরচর মীরেরবাগ এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে। তিনি পূর্ব জুরাইন ব্রিজসংলগ্ন মদিনা মসজিদ রোডের ১৪৯০/এ নম্বর বাড়ির (মা মঞ্জিল) পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক শিখা আক্তার জানান, কয়েক দিন আগে পারিবারিক কলহের জেরে জনির স্ত্রী রোকেয়া আক্তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। বুধবার সকালে তিনি বাসায় ফিরে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। পরে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কদমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মেঝে থেকে জনির রক্তাক্ত ও পচনধরা মরদেহ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক আরও জানান, জনি স্ত্রী ও সন্তানকে নিয়ে এক বছরের বেশি সময় ধরে তাঁর বাড়িতে ভাড়া থাকতেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন খান বলেন, খবর পেয়ে মা মঞ্জিলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাঁচি (সিজার) এবং মাদক (ইয়াবা) সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনি মাদকাসক্ত ছিলেন। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরের বাইরে তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএমআর/এএম