Dhaka Mail Logo

জাতীয়

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের হাজার জনকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

জুলাই আন্দোলনে শহীদ-আহত এবং বিগত স্বৈরাচার সরকারের আমলে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের এক হাজার সদস্যকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর অংশ হিসেবে তাদের এ সুযোগ দেওয়া হবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক।

সম্পূরক প্রশ্নে কামরুল হাসান বলেন, ‘বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে, কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।’

তিনি আরও বলেন, ‘সরকার যদি বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দেয় এবং প্রয়োজনে প্রণোদনা দেয়, তাহলে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে বাধ্য হবেন না। এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না।’

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে আমাদের প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘শুধু তাই নয়, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হব। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় ১ হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কয়েকটি দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে। একইসঙ্গে সরকার চেষ্টা করছে, যারা এসব সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।’

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না- এমন প্রশ্নের বিষয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা আমার কাছে বোধগম্য হয়নি। সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের চেষ্টা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘আমি কিন্তু বলেছিলাম যে, আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে সক্ষম হয়েছি। আপনি জানলে আরও খুশি হবেন, আমরা কথাবার্তা বলে চেষ্টা করেছি যে, যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভেতরে থাকে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যখন শ্রমিকরা যাবেন, তাদের ক্ষেত্রেও যাতে এটি করা সম্ভব হয়, সেই প্রক্রিয়া চলছে।’

এমএইচএইচ/এএইচ