Dhaka Mail Logo

জাতীয়

মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তা সরকারের

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও মানুষের যাতায়াত সহজ করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

তিনি বলেন, ‘আমরা দেখেছি বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলো যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায়, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা আছে।’

তারেক রহমান বলেন, সাধারণ মানুষের যাতায়াত আরও সুবিধাজনক করতে মনোরেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। সরকার মনে করে, মনোরেল চালু করা গেলে সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা তিন মাস আগেই দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে।

তারেক রহমান বলেন, ‘বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আমরা আশা করছি, আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে। এই এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যানজট পরিস্থিতির আরও উন্নতি হবে। চলাচলের উপযুক্ত হবে। মানুষের জন্য সুবিধা হবে। একই সঙ্গে যানজট তুলনামূলক অনেক কমে আসবে।’

তবে বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে নির্দিষ্ট সময়ে যানজট থাকা স্বাভাবিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকালে অফিস ও স্কুল শুরুর সময় এবং বিকেলে অফিস ও স্কুল ছুটির সময় দুই থেকে চার ঘণ্টার মতো যানজট থাকে। পৃথিবীর বড় শহরগুলোতে এমন চিত্র দেখা যায়। বাংলাদেশেও একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, তারপরও সরকার চেষ্টা করছে, যাতে যানজট যতটুকু সম্ভব কমানো যায় এবং ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা যায়।

এমএইচএইচ/এআরএম