বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

দেশের রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

দেশের রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
মূল ছবিতে সংসদ অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে অর্থাৎ ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো।’

তিনি বলেন, ‘বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎসের একটি চালু করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে।’

তিনি বলেন, ‘এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে।’

তারেক রহমান বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান করেছে।’

এছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে বলেও জানান।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর