নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
বোতলে পেট্রোল দিতে অস্বীকৃতি জানানোয় রাজধানীর আগারগাঁওয়ে একটি পেট্রোল পাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় পাম্পের সব ডিসপেনসিং মেশিন ভেঙে অচল করে দেওয়া হয়। কর্মচারীদের মারধরে আহত হয়েছেন চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় পাম্পের কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করেন সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
চিঠিতে বলা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর রোকেয়া সরণির তালতলা-আগারগাঁও এলাকায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানির ডিলার হাসান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
চিঠির অভিযোগ অনুযায়ী, কৃষি কলেজের ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পাম্পে গিয়ে বোতলে পেট্রোল সরবরাহ করতে বলেন। পাম্পের কর্মচারীরা এতে অস্বীকৃতি জানালে তারা দলবল নিয়ে পাম্পে প্রবেশ করেন। এরপর ব্যাপক ভাঙচুর চালিয়ে পেট্রোল সরবরাহের সব ডিসপেনসিং মেশিন অচল করে দেন। একই সঙ্গে পাম্পের কর্মচারীদের বেধড়ক মারধর করা হয়।
এতে চার কর্মচারী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ ছাড়া পাম্পে লুটপাটের ঘটনাও ঘটেছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
চিঠিতে সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, এ ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে পেট্রোল পাম্পের কার্যক্রম চালু রাখা সম্ভব হচ্ছে না। পাম্প মালিক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিপিসি চেয়ারম্যানের নজরে আনেন তিনি।
এমআর/এসআই