নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।
তিনি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘১০টা ১০ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় অন্যান্য ইউনিট পাঠানো হয় এবং সর্বমোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণ করতে সারাদিন লেগে যেতে পারে।’
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।’
ফায়ার সার্ভিসের পরিচালক আরও বলেন, ‘এখানে মূলত নিম্নআয়ের মানুষজন বাস করেন। আগুনে তাদের টিনের ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণামতে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় শতাধিকের বেশি পরিবার বসবাস করত, যাদের বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
‘এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের খবর নেই। আগুন নেভানোর পর পুরো এলাকায় সার্চ (অনুসন্ধান) চালানো হবে। অনুসন্ধানের পরই বোঝা যাবে কেউ আহত বা অন্য কোনো অবস্থায় আছেন কি না।’
এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিকভাবে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানানো হয়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও একটি ইউনিট যোগ করা হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
একেএস/এসআই