নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ব্যবহৃত রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন জুলাই জাদুঘরে যথাযথভাবে প্রদর্শন করা হয়নি বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরাবর রাখা এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।
সম্পূরক প্রশ্নে সানজিদা ইয়াসমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুমের শিকার ব্যক্তি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও শেষ স্মৃতিচিহ্ন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। এসব স্মৃতিচিহ্নের মধ্যে রয়েছে রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ। কিন্তু সবকিছু এখনও যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।
প্রশ্ন করে তিনি আরও বলেন, যেসব স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হচ্ছে না, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না। এসব শুধু শহীদ পরিবারের স্মৃতি নয়, বাংলাদেশের জন্যও অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নেওয়া অতীব জরুরি।
জবাবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংসদ সদস্যের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাদুঘরটির উদ্বোধন হলেও কার্যক্রম এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে সরকার অন্যতম ঐতিহাসিক গণঅভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই যথাযথ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো জাদুঘরে প্রদর্শন করা হবে।
এ সময় বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোর একটি লিখিত তালিকা দেওয়ার জন্য সংসদ সদস্যকে অনুরোধ জানান তিনি। তালিকা পেলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
এমএইচএইচ/এফএ