নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়াই গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানের কারখানায় এই অভিযান চালানো হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল। গিজার বাজারজাত করতে প্রতিষ্ঠানটি বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করছিল এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। এসব অনিয়মের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করেন।
উল্লেখ্য, বিএসটিআইর বাধ্যতামূলক মান সনদের ৩৩৫টি পণ্যের মধ্য একটি পণ্য। পণ্যটি উৎপাদন, বিক্রয়, বিতরণে বিএসটিআই মানসনদ গ্রহণ করা বাধ্যতামূলক। লাইসেন্স গ্রহণ না করে বাজারজাত করলে গিজারের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকলে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।
আরও পড়ুন:
চার প্রতিষ্ঠানের আট পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র
বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
বাজারে নকল খাদ্যপণ্য ঠেকাতে বিএসটিআইকে আরও জোরদারের আহ্বান
হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএসটিআই
বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী
নকল বা অনুমোদনহীন গিজার কেনার ক্ষেত্রে পণ্যটির বৈদ্যুতিক সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানির চাপ সহ্য করার ক্ষমতা নির্ধারিত মান অনুযায়ী পরীক্ষিত কি না, তা যাচাই করা জরুরি। এসব সুরক্ষায় ঘাটতি থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, আগুন লাগা, গরম পানিতে দগ্ধ হওয়া কিংবা ট্যাংক ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা করে লাইসেন্স প্রদান করে থাকে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহযোগিতা করে। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআই বলছে, পণ্যের মান নিশ্চিত করতে এবং নিম্নমানের পণ্য উৎপাদন ও বিএসটিআইয়ের মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএম