নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষার পালা। নানা পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি জটিলতা পেরিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দ্বারপ্রান্তে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের পথে আরও এক ধাপ এগোবে বাংলাদেশ।
প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের প্রস্তুতিও এগিয়েছে। এখন পরীক্ষামূলকভাবে গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের পাশাপাশি জাতীয় গ্রিডের সক্ষমতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে।
তবে সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবারের এই সংযোগকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের সূচনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি কেন্দ্র চালুর দীর্ঘ কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে বলে প্রকল্প পরিচালক তাকে অবহিত করেছেন। গ্রিডে সংযোগের সময় পিডিবির একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, টারবাইনের সমন্বয়ের কাজ শেষ হয়েছে। এখন গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের পর পুরো বিদ্যুৎ ব্যবস্থা কীভাবে সাড়া দেয়, বিশেষ করে ফ্রিকোয়েন্সি স্থিতিশীল থাকে কি না, তা পর্যবেক্ষণ করা হবে। এটি বিদ্যুৎকেন্দ্র চালুর স্বাভাবিক পরীক্ষামূলক প্রক্রিয়ার অংশ।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় কেন্দ্রটি কয়েক ঘণ্টা জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত থাকতে পারে। এ সময় উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি গ্রিডের আচরণ পর্যবেক্ষণ করা হবে। কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটি আবার বন্ধ রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
প্রাথমিকভাবে ২৪০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার কথা জানা গেছে। তবে কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ও পরীক্ষার অগ্রগতির ওপর প্রকৃত সরবরাহের পরিমাণ নির্ভর করবে।
এর আগে গত রোববার গ্রিডে সংযোগ দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হলেও কম্পনজনিত কারণে তা পিছিয়ে যায়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরে কম্পনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে আসায় সংযোগের প্রস্তুতি আবার এগিয়ে নেওয়া হয়েছে। এর আগেও কয়েকবার কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত করার চেষ্টা সফল হয়নি। ফলে এবারের পরীক্ষামূলক সংযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই ও অনুমোদন নিশ্চিত করতে হবে। সব ধরনের নিরাপত্তা সন্তোষজনক হলেই এ অনুমোদন দেওয়া হবে।
কেন্দ্রটির পরীক্ষামূলক কার্যক্রমের বিভিন্ন ধাপ শেষ হওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের চূড়ান্ত সংযোগের জন্য ২১ নভেম্বরকে লক্ষ্য ধরে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে সরকারের আনুষ্ঠানিক উদ্বোধন ও উচ্চপর্যায়ের অতিথিদের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ প্রতিনিধি দল। সংস্থাটির ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর অংশ হিসেবে প্রতিনিধি দলটি কেন্দ্রের জরুরি প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে সাড়াদান কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ মূল্যায়নের বিষয়টি জানানো হয়। সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএইএর ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বিশেষজ্ঞ মার্ক ব্রেইটিঙ্গার। মিশনের সমন্বয়ক হিসেবে ছিলেন অ্যাড্রিয়ানা-সেলেস্টিনা বাকিউ।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জানান, আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে কেন্দ্রটির জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা পর্যালোচনা করে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রস্তুতি ও নিয়মিত মূল্যায়ন গুরুত্বপূর্ণ।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প এটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড।
কেন্দ্রটিতে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিট থেকে অন্তত এক হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য বিদ্যুৎ বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত এক হাজার ৩০ মেগাওয়াট সরবরাহ করা সম্ভব হবে। দুই ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত দুই হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ।
জেবি