নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
আসন্ন ২০২৭ সালের হজে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত সাত দিন চলবে এ কার্যক্রম। তবে হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন করা যাবে না।
এর আগে রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে একজন হজযাত্রীকে একবারের বেশি স্থানান্তর করা যাবে না।
এতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন বা একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত শর্তগুলো মেনে ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে বেসরকারি মাধ্যমের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
এমআর/এফএ