শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

হজ কোটা নিয়ে সৌদি আরবের যে আশ্বাস পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

হজ কোটা নিয়ে সৌদি আরবের যে আশ্বাস পেল বাংলাদেশ
হজের কোটা আরও বাড়তে পারে বাংলাদেশের। ছবি: সংগৃহীত

অন্য কোনো দেশ নির্ধারিত হজ কোটা পূরণ করতে না পারলে বা বরাদ্দের পুরোটা ব্যবহার না করলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ধরনের সুযোগ তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বাংলাদেশ-সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনারও প্রশংসা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি হজ ও ওমরাহ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেন।

আরও পড়ুন

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল, যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন

৭ ডিসেম্বরের মধ্যে হজের টাকা জমা দেওয়ার আহ্বান হাবের

বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।

অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে সৌদি আরবের এ ইতিবাচক অবস্থান বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট অতিরিক্ত কোটা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়নি।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর