Dhaka Mail Logo

জাতীয়

খাদ্যনিরাপত্তার একমাত্র ভরসা কৃষি, তবুও অভিযোজন অর্থায়নে অবহেলিত 

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রধান ভিত্তি কৃষি। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকা এই খাতই অভিযোজন অর্থায়নে বঞ্চিত। বিশ্বের জলবায়ু অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হলেও এ খাতে বরাদ্দ রয়েছে মাত্র ২০ শতাংশ। 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে একদিকে ফসলহানি, অন্যদিকে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জীবিকার সংকটে পড়ছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে কৃষিতে অর্থায়ন বাড়ানো, ক্ষুদ্র কৃষকের জন্য সরাসরি অনুদান এবং নবায়নযোগ্য জ্বালানির মালিকানা কৃষক সংগঠনের হাতে দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১) উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি), উপকূলীয় জীবিকা ও পরিবেশ সুরক্ষা নেটওয়ার্ক (ক্লিন), পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), রিগ্লোবাল এবং সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্লিনের পলিসি উপদেষ্টা বেনজির আহমেদ বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি। 

এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট হলেও অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ পাচ্ছে এ খাত। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।

তিনি বলেন, এ প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকের অভিজ্ঞতা ও দাবিকে কপ৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে শুধু নিঃসরণ কমানোর খাত হিসেবে দেখলে চলবে না। খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সঙ্গে কৃষিকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

DRU

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা চারটি প্রধান দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, কপ৩১-এর ২০ নভেম্বরের চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং চাহিদার অনুপাতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ। এ অর্থ ক্ষুদ্র কৃষকের কাছে ঋণের পরিবর্তে অনুদান হিসেবে পৌঁছানোর দাবি জানান তারা।

এ ছাড়া কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ে শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দেওয়া এবং কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্বীকৃতির দাবি জানানো হয়। 

সৌর সেচ, সৌরবিদ্যুৎচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে দেওয়ার পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানানো হয়। এসব প্রস্তাব আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরতে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সেফ অ্যাগ্রো ফুড অ্যাফোর্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষির কোনো বিকল্প নেই। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষকের ক্ষতি বাড়লেও প্রয়োজনীয় প্রস্তুতি, গবেষণা ও বিনিয়োগে ঘাটতি রয়েছে। উত্তরাঞ্চলে পাকা ধানের ওপর শিলাবৃষ্টির আঘাতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এ ধরনের অপ্রত্যাশিত দুর্যোগ কৃষকের সারা বছরের পরিশ্রম নষ্ট করে দিচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের খাদ্য উৎপাদনের ভিত্তি হচ্ছে কৃষি। কিন্তু কৃষিকে সব সময় অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে যখনই ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, তখনই কৃষক নতুন সংকটের মুখে পড়ছেন। অথচ এ ক্ষতি মোকাবিলায় যে ধরনের প্রস্তুতি, গবেষণা ও বিনিয়োগ প্রয়োজন, তা পর্যাপ্ত নয়।’

জলবায়ু সংকট মোকাবিলার দায় শুধু বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর নয় উল্লেখ করে অধ্যাপক রেজাউল করিম বলেন, যারা বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছে, তাদেরও নিঃসরণ কমানোর দায়িত্ব নিতে হবে। শুধু ক্ষতিগ্রস্ত দেশগুলো অভিযোজন কার্যক্রম পরিচালনা করবে, আর উন্নত দেশগুলো নিজেদের দায় এড়িয়ে যাবে, তা হতে পারে না। সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি উন্নত দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে।

কৃষি খাতে গবেষণা, নতুন জাত উদ্ভাবন এবং জলবায়ু সহনশীল উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানো ও খাদ্য অপচয় রোধে সংরক্ষণব্যবস্থার উন্নয়ন জরুরি। বিশেষ করে সৌরবিদ্যুৎচালিত হিমাগার এবং খাদ্য শুকিয়ে সংরক্ষণের প্রযুক্তি সম্প্রসারণ করতে হবে। শুধু কাঁচা কৃষিপণ্য সংরক্ষণের ওপর নির্ভর না করে খাদ্যব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। কিন্তু এ ধরনের প্রযুক্তি ও গবেষণায় সরকারি বিনিয়োগ এখনো সীমিত।

প্রান্তিক কৃষকের দুর্ভোগ তুলে ধরে তিনি বগুড়ার একটি চরাঞ্চলের উদাহরণ দেন। সেখানে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি চরে ১০ হাজারের মতো মানুষের বসবাস। অথচ পুরো চরে একটি মাত্র স্কুল রয়েছে। যাতায়াতের উপযুক্ত রাস্তা নেই, নাগরিক সুযোগ-সুবিধাও অপ্রতুল। বিদ্যুৎ সংযোগ থাকলেও তা অন্য জেলা দিয়ে এসেছে। স্থানীয় বাজার ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কৃষকদের একটি চারা কিনতেও দূরে যেতে হয়।

তিনি বলেন, উপকূল, চর ও পাহাড়ি অঞ্চলের প্রান্তিক মানুষের সংকট প্রায় একই রকম। তাদের পাশে দাঁড়াতে কৃষি, বাণিজ্য, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নসংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কৃষকের জীবনমান উন্নয়নে শুধু কৃষি খাতের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন সামগ্রিক পরিকল্পনা ও বিনিয়োগ।

সবশেষে বক্তারা বলেন, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই জ্বালানি রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণ হিসেবে চাপিয়ে না দিয়ে অনুদান হিসেবে দিতে হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে কৃষকের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলা কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সেকান্দর আলী সুমন প্রমুখ। 

এমআর/এআরএম