নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম
দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনায় নীরব অথচ অপরিহার্য ভূমিকা রেখে চলেছে আদালত অঙ্গনের চারটি সমৃদ্ধ লাইব্রেরি। হাজারো ঐতিহাসিক রায়, দেশি-বিদেশি ল’ রিপোর্টস, জার্নাল এবং দুর্লভ আইনি বইয়ের দুই লক্ষাধিক সংগ্রহ নিয়ে এই লাইব্রেরিগুলো যেন বিচারপতি ও আইনজীবীদের জন্য এক জীবন্ত আর্কাইভ।
বিচারিক দায়িত্ব পালনে বিচারপতিদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আদালতে আইনি যুক্তি ও রেফারেন্স উপস্থাপনে আইনজীবীদের অন্যতম প্রধান সহায়ক শক্তি এসব লাইব্রেরির সংগ্রহশালা। সুপ্রিম কোর্ট কেন্দ্রিক এই চারটি লাইব্রেরি হলো— আপিল বিভাগ লাইব্রেরি, হাইকোর্ট জাজেস লাইব্রেরি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরি এবং অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লাইব্রেরির লাইব্রেরিয়ান মো. নাসিরুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের মূল ভবনের তিনটি কক্ষে পরিচালিত এই লাইব্রেরিতে বর্তমানে বই, জার্নাল ও ল’ রিপোর্টস মিলিয়ে প্রায় ২৫ হাজার সংগ্রহ রয়েছে।
এগুলোর মধ্যে ঢাকা ল’ রিপোর্টস (ডিএলআর), বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস (বিএলডি), বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি), বাংলাদেশ ল’ ক্রনিকলস (বিএলসি), মেইনস্ট্রিম ল’ রিপোর্টস (এমএলআর), অ্যাপিলেট ল’ রিপোর্টস (এএলআর), অল ইংল্যান্ড ল’ রিপোর্টস (অল ইআর) এবং কলকাতা উইকলি নোটস (সিডব্লিউএন) অন্যতম। পাশাপাশি এখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান সংরক্ষিত আছে। আপিল বিভাগের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রমে এই লাইব্রেরির ল’ রিপোর্টস ও বই থেকে প্রয়োজনীয় রায় এবং রেফারেন্স ব্যবহার করেন।
সুপ্রিম কোর্টের মূল ভবনের একটি ও এনেক্স ভবনের আরেকটি কক্ষ নিয়ে পরিচালিত হচ্ছে ‘হাইকোর্ট জাজেস লাইব্রেরি’।
লাইব্রেরিয়ান মোহাম্মদ আবদুল মোমেন জানান, এই লাইব্রেরিতে প্রায় ১ লাখ ১০ হাজার বই ও নথিপত্রের সংগ্রহ রয়েছে, যার মধ্যে শত বছরের পুরোনো ঐতিহাসিক রায়ের সংগ্রহও বিদ্যমান। হাইকোর্টের বিচারিক কার্যক্রমে বিচারপতিদের চাহিদা অনুযায়ী এখান থেকে নিয়মিত ল’ রিপোর্টস, জাজমেন্ট ও আইনি বই সরবরাহ করা হয়।
প্রায় ৭০ হাজার বই ও জার্নালের সংগ্রহ নিয়ে সমৃদ্ধ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির লাইব্রেরি। সমিতির লাইব্রেরিয়ান মো. এহসানুল হক জানান, প্রতিদিন প্রায় এক হাজার আইনজীবী এখান থেকে তাদের প্রয়োজনীয় বই ও ল’ রিপোর্টস ইস্যু এবং ফেরত (রিটার্ন) করেন।
লাইব্রেরির দুটি রিডিং রুমে বসে পড়াশোনার পাশাপাশি আইনজীবীদের জন্য প্রয়োজনীয় আইন বা আদালতের সিদ্ধান্ত ফটোকপি করে নেওয়ার সুবিধা রয়েছে। এ ছাড়া অনলাইন সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ বিভিন্ন দেশের আদালতের রায় ও আইন এখান থেকে সহজেই সংগ্রহ করতে পারেন আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের জন্য রয়েছে ‘অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরি’। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট মো. হাসিবুর রহমান জানান, এখানে ৩৭ হাজারের বেশি বই ও ল' রিপোর্টসের সংগ্রহ রয়েছে। কেবল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারাই এই লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান। তারা এখানে বসে পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় বই ইস্যু এবং নথিপত্র ফটোকপি করে নিতে পারেন।
আদালত অঙ্গনের লাইব্রেরির গুরুত্ব প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আইনজীবীদের সারাটা জীবনই শিক্ষাজীবন; এই পেশায় জানার কোনো বিকল্প নেই। বিচারপ্রার্থীকে সঠিক আইনি প্রতিকার দিতে হলে একজন আইনজীবীকে নিয়মিত আইন চর্চা ও গবেষণা করতে হয় এবং আদালতে প্রাসঙ্গিক রেফারেন্স উপস্থাপন করতে হয়। এক্ষেত্রে লাইব্রেরি অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে তথ্যপ্রযুক্তির কল্যাণে অনলাইনে আইনের রেফারেন্স বা নজির পাওয়া গেলেও প্রচলিত লাইব্রেরিতে বসে পড়ার তৃপ্তি সেখানে মেলে না। লাইব্রেরিতে সশরীরে উপস্থিত হয়ে পড়াশোনা করলে জ্ঞানের পরিধি অনেক বেশি সমৃদ্ধ হয়। মূলত একজন আইনজীবীর জীবন লাইব্রেরির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত।’
সংশ্লিষ্ট চারটি লাইব্রেরির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বইপত্র ও জার্নাল কেনার জন্য এই চার লাইব্রেরিতে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে হাইকোর্ট জাজেস লাইব্রেরির জন্য সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, অ্যাটর্নি জেনারেল অফিস লাইব্রেরির জন্য ৩৭ লাখ টাকা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি লাইব্রেরির জন্য ৩৫ লাখ টাকা এবং আপিল বিভাগ লাইব্রেরির জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। সূত্র- বাসস
এএম