Dhaka Mail Logo

জাতীয়

পুলিশের স্পর্শকাতর তথ্য আ.লীগের কাছে পাচার করতেন এসপি জাহাংগীর!

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঘিরে পুলিশের প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও মোতায়েনসংক্রান্ত তথ্য দলটির নেতাকর্মীদের জানিয়ে দিতেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের একটি দল। এর আগে রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলা করা হয় এবং এরপরই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেন বলে অভিযোগ ওঠে। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দলটির সম্ভাব্য কর্মসূচি, সেসব কর্মসূচি ঠেকাতে পুলিশের প্রস্তুতি এবং কোথায় কোথায় পুলিশ মোতায়েন করা হবে—এ ধরনের তথ্য আওয়ামী লীগের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও করা হয় তার বিরুদ্ধে।

এসব অভিযোগ তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১০ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জাহাংগীর আলমকে তার কার্যালয়ে ডেকে এ বিষয়ে জানতে চান। পরে তার ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

আরও পড়ুন

রোধ হচ্ছে না পুলিশের তথ্য ফাঁস, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

সরকার বদলালেও বদলায়নি পুলিশ

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে তার ফোনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের আলামত পাওয়া গেছে। তবে ফোনের ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ্যে আসেনি। ফলে তথ্য পাচারের অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি বাকি রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাংগীর আলমের মোবাইল ফোন থেকে পাঠানো একটি বার্তায় ডিসেম্বরে মানুষের রাজপথে নামার সম্ভাবনার কথা উল্লেখ ছিল। বার্তায় বলা হয়, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’ এতে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার প্রসঙ্গ এবং ‘বাংলাদেশকে উদ্ধার করতে হবে’—এমন বক্তব্যও ছিল।

জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ থাকার অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

জেবি