Dhaka Mail Logo

জাতীয়

মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, কাটেনি দখলের শঙ্কা

আব্দুল হাকিম

১৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম

  • ফুটপাতের দখল ঠেকাতে প্রতিদিন তদারকির দাবি
  • নারী, শিশু ও বয়স্কদের চলাচল সহজ হয়েছে
  • ফুটপাত আবার দখলে নেওয়ার শঙ্কাও আছে
  • হকারদের পুনর্বাসন না হওয়ায় বাড়ছে অনিশ্চয়তা

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন পর ফুটপাত ধরে নির্বিঘ্নে হাঁটার সুযোগ পাচ্ছেন পথচারীরা। ফুটপাত থেকে হকার ও অস্থায়ী দোকান উচ্ছেদের পর বদলে গেছে মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকার চিত্র। আগে যেখানে ফুটপাতের বড় অংশজুড়ে ছিল দোকানপাট ও পণ্যের পসরা, সেখানে এখন স্বাভাবিকভাবে চলাচল করছেন মানুষ। কিছু স্থানে নতুন করে দখল ঠেকাতে গাছ লাগানো, ফুলের টব বসানো ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে।

ফুটপাত দখলমুক্ত হওয়ায় আশপাশের স্থায়ী দোকানগুলোতেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে হকারদের দোকান ও পণ্যের কারণে অনেক প্রতিষ্ঠিত দোকানের প্রবেশপথ আড়ালে পড়ে থাকত। এখন দোকানের সামনে চলাচলের জায়গা বাড়ায় ক্রেতারা সহজে প্রবেশ করতে পারছেন। পরিচ্ছন্ন পরিবেশে দোকানে ক্রেতাদের আগ্রহও বাড়ছে বলে মনে করছেন তারা।

তবে উচ্ছেদের পরও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত রাখা নিয়ে শঙ্কা রয়েছে। বিভিন্ন স্থানে হকারদের আবার বসার চেষ্টার অভিযোগ উঠেছে। অন্যদিকে ফুটপাতনির্ভর হকারদের জীবিকা এবং বিকল্প কর্মসংস্থানের বিষয়টিও সামনে এসেছে। নগরবাসীর দাবি, শুধু উচ্ছেদ নয়, নিয়মিত তদারকি ও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন

২০ মিনিটের পথ এখন পার হই তিন মিনিটে: মিরপুর-১০ এ পথচারী

সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১-এর শাহ আলী মার্কেট, সনি সিনেমা হলের মোড়, মুক্তবাংলা মার্কেট, পাইকপাড়া ও বাঙলা কলেজ এলাকা থেকে মিরপুর-২-এর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন এলাকা পর্যন্ত ফুটপাতের বড় অংশ উন্মুক্ত রয়েছে। একই চিত্র মিরপুর-১০ গোলচত্বর, ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে, ফলপট্টি, শাহ আলী প্লাজা, আনোয়ার ম্যানশন, কাজীপাড়া ও শেওড়াপাড়ার বিভিন্ন স্থানে।

Footpath2

আগে এসব এলাকায় অস্থায়ী দোকান, কাপড়, জুতা, ফলমূল ও বিভিন্ন পণ্যের পসরা বসত। এতে ফুটপাত দিয়ে চলাচলের জায়গা সংকুচিত হয়ে যেত। অনেক সময় পথচারীদের মূল সড়কে নেমে হাঁটতে হতো। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। এখন ফুটপাতের বড় অংশ খালি থাকায় মানুষ স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন।

গত ৩০ সেপ্টেম্বর মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর আগে ও পরে মিরপুরের বিভিন্ন এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি শুরু করে সিটি করপোরেশন ও পুলিশ।

আরও পড়ুন

উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন গুলিস্তান, ফের হকারদের দখলে ফুটপাত-সড়ক 

হকার না থাকায় এই এলাকার মার্কেটগুলোতে বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন দোকানিরা। তারা বলছেন, আগে ফুটপাতজুড়ে হকারদের দোকান থাকায় মার্কেটের প্রবেশপথ অনেকটা আড়ালে পড়ে থাকত। ক্রেতারা সহজে দোকানে প্রবেশ করতে পারতেন না। এখন ফুটপাত উন্মুক্ত থাকায় ক্রেতাদের চলাচল বেড়েছে। দোকানের সামনে পণ্য প্রদর্শন ও ক্রেতাদের প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। এতে আগের তুলনায় বেচাকেনা বেড়েছে।

মিরপুর-১ এলাকার শাহ আলী প্লাজার বিক্রেতা শাহজাহান জানান, পরিবেশ পরিষ্কার হওয়ায় প্রতিষ্ঠিত দোকানগুলোতে ক্রেতারা ফিরছেন। ফুটপাত পরিষ্কার থাকায় দোকানগুলোর সামনে চলাচল সহজ হয়েছে। এতে স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উপকৃত হচ্ছে।

Footpath3

মিরপুর-১০ এলাকার শাহ্ আলী মার্কেটের পোশাক ব্যবসায়ী আফজাল হোসেন ঢাকা মেইলকে বলেন, আগে দোকানের সামনের ফুটপাত হকারদের দখলে থাকায় ক্রেতারা সহজে দোকানে প্রবেশ করতে পারতেন না। অনেক সময় দোকানের পণ্যও বাইরে থেকে দেখা যেত না। এখন ফুটপাত খালি থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। দোকানের সামনে মানুষের উপস্থিতি বেড়েছে। এতে বিক্রিও আগের তুলনায় বেড়েছে।

মিরপুর-১ এলাকার নিউ মার্কেটের ব্যবসায়ী নাঈম হাসান বলেন, আগে ফুটপাতজুড়ে হকারদের দোকান থাকায় মার্কেটের প্রবেশপথ অনেকটা আড়ালে পড়ে থাকত। ক্রেতাদের চলাচলেও সমস্যা হতো। এখন ফুটপাত পরিষ্কার থাকায় মার্কেটে আসা-যাওয়া সহজ হয়েছে। বিশেষ করে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা মানুষের সংখ্যা বেড়েছে। হকার না থাকায় স্থায়ী দোকানগুলোর ব্যবসা আগের চেয়ে ভালো হচ্ছে।

পথচারীরা বলছেন, আগে ফুটপাত হকারদের দখলে থাকায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন ছিল। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো। এতে যানবাহনের সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো। এখন ফুটপাত উন্মুক্ত থাকায় নির্বিঘ্নে চলাচল করা যাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য হাঁটাচলা অনেক সহজ হয়েছে।

আরও পড়ুন

‎উচ্ছেদ হয় দিনে, দখল ফেরে সন্ধ্যায়!

মিরপুর-১০ গোল চত্বর এলাকায় কথা হয় পথচারী মাইনুল ইসলামের সঙ্গে। তিনি ঢাকা মেইলকে বলেন, আগে ফুটপাত দিয়ে হাঁটার কোনো উপায় ছিল না। পুরো ফুটপাত হকারদের দখলে থাকায় বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে যানবাহনের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা থাকত। এখন ফুটপাত খালি থাকায় স্বস্তিতে হাঁটতে পারছেন। বিশেষ করে ব্যস্ত সময়ে আগের মতো ভোগান্তি পোহাতে হচ্ছে না।

এদিকে মিরপুর-১ এলাকার আরেক পথচারী শামীমা রহমান বলেন, আগে মার্কেট এলাকায় কেনাকাটা করতে আসা মানুষের পাশাপাশি ফুটপাতের দোকানের কারণে সব সময় ভিড় লেগে থাকত। হাঁটার জায়গা না পেয়ে অনেক সময় সড়কে নামতে হতো। এখন ফুটপাত উন্মুক্ত থাকায় চলাচল অনেক সহজ হয়েছে। তবে এই অবস্থা ধরে রাখতে নিয়মিত তদারকি করতে হবে।

Footpath4

এদিকে উচ্ছেদ অভিযানের পরও মিরপুরের কয়েকটি এলাকায় আবার ফুটপাত দখলের চেষ্টা করছেন হকাররা। মিরপুর-১০ গোলচত্বর ও হোপ মার্কেটের আশপাশে নতুন করে কয়েকজন হকারকে ফুটপাতে বসে পণ্য বিক্রি করতে দেখা গেছে। কেউ কেউ অস্থায়ীভাবে পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। আবার কোথাও ফুটপাতের একাংশে দোকান বসানোর প্রস্তুতি নিতে দেখা গেছে। এতে উচ্ছেদের পর তৈরি হওয়া স্বাভাবিক চলাচলের পরিবেশ আবারও সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মিরপুর-১ এলাকাতেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। শাহ আলী মার্কেট ও আশপাশের কয়েকটি স্থানে উচ্ছেদের পরও হকারদের ফিরে আসার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি না থাকলে ধীরে ধীরে আগের মতো ফুটপাত দখল হয়ে যেতে পারে। উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি প্রতিদিন তদারকি এবং নতুন করে দোকান বসানো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

ফাঁকা হচ্ছে ফুটপাত, অনিশ্চয়তায় হাজারও মানুষের জীবিকা

তবে হকারদের জীবিকার বিষয়টিও উপেক্ষা করার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে আসা অনেক মানুষের আয়ের প্রধান উৎস এসব অস্থায়ী দোকান। উচ্ছেদের পর বিকল্প জায়গা না পেয়ে কেউ কেউ অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করছেন, আবার কেউ সুযোগ পেলেই আগের জায়গায় বসতে চাইছেন। তাদের দাবি, নির্দিষ্ট জায়গায় ব্যবসার সুযোগ তৈরি করা হলে একদিকে যেমন জীবিকা চলবে, অন্যদিকে পথচারীদের চলাচলেও বাধা সৃষ্টি হবে না।

হকারদের পুনর্বাসনের বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কাজ করার কথা জানিয়েছে। সম্প্রতি ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান হকারদের জন্য বিকল্প জায়গা নির্ধারণের উদ্যোগের কথা জানিয়েছিলেন। মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরার বিভিন্ন এলাকায় বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। সেখানে ৩০০ থেকে ৫০০টি দোকানের ব্যবস্থা করা গেলে হকারদের পাশাপাশি ক্রেতারাও উপকৃত হবেন। বিকল্প জায়গায় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ব্যবসা পরিচালনা এবং ছুটির দিনে হকারদের জন্য বিশেষ বাজার চালুর পরিকল্পনার কথাও জানান প্রশাসক।

Footpath5

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না। দোকানপাট ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের হাঁটার পথ বন্ধ হয়ে গিয়েছিল। এ পরিস্থিতিতে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ করতে হয়েছে।

আরও পড়ুন

মেট্রোরেলের নিচে ফিরেছে শৃঙ্খলা, হকারমুক্ত ফুটপাতে স্বস্তি

নগর পরিকল্পনাবিদদের মতে, ফুটপাতের মূল উদ্দেশ্য পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা। সেখানে দোকানপাট বসলে নগরের স্বাভাবিক চলাচলব্যবস্থা বাধাগ্রস্ত হয়। তবে হকার সমস্যার স্থায়ী সমাধানে শুধু উচ্ছেদ অভিযান যথেষ্ট নয়। নির্দিষ্ট জায়গায় ব্যবসার সুযোগ, নিয়মিত তদারকি এবং স্থানীয় ব্যবসায়ীদের সম্পৃক্ত করে পরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ ঢাকা মেইলকে বলেন, হকার উচ্ছেদকে শুধু কোনো নির্দিষ্ট এলাকার সমস্যা হিসেবে দেখলে হবে না। এটি জাতীয় পর্যায়ে সমন্বিতভাবে সমাধান করতে হবে। শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এতে সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি হলেও দীর্ঘমেয়াদে সেই সুফল ধরে রাখা যাবে না। তাই হকার সমস্যা, তাদের জীবিকা এবং নগরের ফুটপাত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে টেকসই সমাধান করতে হবে।

এএইচ/জেবি