ঢাকা মেইল ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ এএম
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর ব্যাপকভাবে আলোচনায় এসেছে 'বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি'। বাংলাদেশে সরকারের দিক থেকে শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসতে পারেন বলে বলা হচ্ছে। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে ভারত বরাবরই এ ইস্যুতে আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে।
গত মঙ্গলবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আইন অনুযায়ীই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলছেন, চুক্তির ভেতরেই বলা আছে যে 'প্রত্যর্পণ' কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে হবে না।
শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বাংলাদেশ সরকারের দিক থেকে 'শুধুমাত্র প্রত্যর্পণ' এর কথা বলায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে?
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।’
মূলত পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত 'বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪' নামের একটি আইন আছে এবং সেই আইন অনুযায়ী পলাতক অপরাধীদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি করার বাধ্যবাধকতা আছে।
আরও পড়ুন
ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন জটিলতা!
বাংলাদেশের সাথে এখন দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রত্যর্পণ করার কথা বলছে।
ভারতের সাথে বাংলাদেশের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ২০১৩ সালের জানুয়ারিতে। পরে এই আইনের আওতাতেই বাংলাদেশ অনুপ চেটিয়াকে ও ভারত নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যার আসামি নুর হোসেনকে হস্তান্তর করে।
পরে ২০১৬ সাল চুক্তির একটি ধারা সংশোধন করা হয় যার ফলে কোনও অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনও সাক্ষ্যপ্রমাণ পেশ না-করলেও চলবে – শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে।
ভারতীয় অধ্যাপক শ্রীরাধা দত্ত বলছেন, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বলছে আর ভারত সরকার এই বিষয়ে শুধু আইনি প্রক্রিয়ার কথা বলে যাচ্ছে। কিন্তু ওই চুক্তিতেই আসলে বলা আছে যে এখানে প্রত্যর্পণ সম্ভব হবে কি-না।
‘প্রত্যর্পণ প্রসঙ্গ আসলে ওই চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যায় কি-না সেটিও নিশ্চয়ই বিবেচনা আসবে। সব মিলিয়ে আমার মনে হয়, ভারতের দিক থেকে এটি সম্ভব হবে না। তবে মনে রাখতে হবে যে শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন,’ বিবিসি বাংলাকে বলেছেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চুক্তির যে কপি দেওয়া আছে তার দুই নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধ কোনগুলো হবে তার একটি তালিকা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়।
দ্বিতীয়ত, কোনো অপরাধ কর বা রাজস্ব-সংক্রান্ত হওয়া সত্ত্বেও অথবা সম্পূর্ণরূপে আর্থিক বা রাজস্বগত প্রকৃতির অপরাধ হলেও, তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
তৃতীয়ত, কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচ্য হবে না যে, উভয় রাষ্ট্রের আইন অপরাধটি সংঘটনকারী কাজ বা কাজ থেকে বিরত থাকাকে একই শ্রেণির অপরাধ হিসেবে চিহ্নিত করেছে কি না কিংবা অপরাধটির নামকরণে একই পরিভাষা ব্যবহার করেছে কি না।
চতুর্থত, কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা করা অথবা ওই অপরাধ সংঘটনে সহায়তা করা, প্ররোচনা দেওয়া, উসকানি দেওয়া কিংবা সহযোগী হিসেবে অংশগ্রহণ করার ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা হবে।
এই চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে গঠিত অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে, এমনকি প্রত্যর্পণ চাওয়া ব্যক্তির সংশ্লিষ্ট কার্যকলাপ সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও।
তবে শর্ত থাকে যে, ওই রাষ্ট্রের আইন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যকলাপ এবং এর ফলাফল অথবা প্রত্যাশিত ফলাফল সামগ্রিকভাবে বিবেচনা করলে তা অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে একটি প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটন হিসেবে গণ্য হতো।
শেখ হাসিনার সমর্থকরা অনেকেই চুক্তির ৬ নম্বর ধারাটিকে সামনে নিয়ে এসেছেন। তাদের দাবি ওই ধারার কারণেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের সুযোগ আইনত ভারতের নেই।
রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম শীর্ষক ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের অপরাধ হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। অর্থাৎ যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হবে তার বিরুদ্ধে অভিযোগটা যদি 'রাজনৈতিক প্রকৃতি'র হয় তাহলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে।
তবে ওই অনুচ্ছেদ অনুযায়ী এই চুক্তির ক্ষেত্রে কিছু অপরাধ রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে গণ্য হবে না। এর মধ্যে আছে - উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্র যে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির অধীন বাধ্যবাধকতা অনুযায়ী যেসব কাজ বা কাজ থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য, হত্যা, অনিচ্ছাকৃতভাবে হত্যা বা অপরাধমূলক নরহত্যাসহ কয়েকটি বিষয়।
এই তালিকায় আরও রয়েছে- এমন বিস্ফোরণ ঘটানো, যা মানুষের জীবন বিপন্ন করতে পারে অথবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধন করতে পারে, কোনো ব্যক্তির নিজের দ্বারা অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ তৈরি বা নিজের দখলে রাখা, নিজের দ্বারা অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নিজের দখলে রাখা, নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করা প্রতিরোধ বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র ব্যবহার করা।
এছাড়া জনসাধারণের উপযোগী সেবায় ব্যবহৃত হোক বা অন্য কোনো কাজে ব্যবহৃত হোক, এমন সম্পত্তির ক্ষতিসাধন করা—যার উদ্দেশ্য মানুষের জীবন বিপন্ন করা অথবা অন্য কোনো ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়াভাবে এমন কাজ করা, অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটক রাখা বা স্বাধীনতাবঞ্চিত করা, জিম্মি করাও অন্তর্ভুক্ত ও হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়াসহ আরও কিছু বিষয় এই তালিকার আওতায় রাখা হয়েছে।
চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে। চুক্তির ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তিসমূহ বলা হয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তিকে যেসব কারণে প্রত্যর্পণ করা যাবে না তার মধ্যে আছে- সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে।
কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার বিরুদ্ধে আনা অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে 'মানবতাবিরোধী অপরাধের' মামলার রায়ের পর তিনি যে বিবৃতি দিয়েছিলেন সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত,’ বলে নিন্দা জানিয়েছিলেন।
ওই রায়ের পর তখনকার অন্তর্বর্তী সরকার ও পরে বিএনপি সরকারের দিক থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরতে হবে বলে বলা হচ্ছে।
এখন শেখ হাসিনার দিক থেকে তার আইনি পরামর্শকরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর পর 'প্রত্যর্পণ' ইস্যুটি আবারো আলোচনায় এসেছে। সূত্র: বিবিসি বাংলা
জেবি