Dhaka Mail Logo

জাতীয়

পলায়ন ও অসদাচরণের দায়ে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

অসদাচরণ, পলায়ন এবং দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং অপর একজনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিভাগীয় তদন্ত এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে সই করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবির সোহাগকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। 

অন্যদিকে, এএসপি মো. মোহাম্মদ ওবায়দুর রহমানকে প্রথমে বরখাস্তের সুপারিশ করা হলেও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে অপেক্ষাকৃত লঘু দণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

চাকরি থেকে বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন— সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুবাইয়াত জামান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম এবং ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।

কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, কর্তব্যস্থল ত্যাগ এবং গুরুতর অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে।

/এএস