নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও তর্ক-বিতর্ক হয়। নাহিদ এ ঘটনাকে নাশকতা দাবি করে দোষীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান। অন্যদিকে, তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগানোর অভিযোগে কাউকে দায়ী করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষের বক্তব্যের সময় সংসদে হইচই ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ পর্যায়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একাধিকবার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
দ্বিতীয় দফা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক মিনিট কথা বলা প্রয়োজন। মন্ত্রী অনেক ভিডিও, ফুটেজ ও তথ্যের কথা বলেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখলে বোঝা যাবে, বাইরে থেকে কিছু নিক্ষেপের কারণেই বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে।
নাহিদ বলেন, ‘ওই বাড়ি কোনও পরিত্যক্ত বাড়ি ছিল না, গবাদিপশুর বাড়িও ছিল না। সেখানে মানুষ বসবাস করতেন। গত রাতেও কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন ওই বাড়িতে ছিলেন। গত রাতে মানুষও মারা যেতে পারতেন।’
তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে নুসরাত তাবাসসুমকে ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। তাঁকে হামলার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার দুই দিন আগে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ফলে এসব ঘটনা বিচ্ছিন্ন নয়।
নাহিদ ইসলামের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও নিজেদের দায় স্বীকার করেছে বলে তিনি দাবি করেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিয়ে তাদের দায়মুক্তি দিচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং সমন্বয়কদের ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, এসব ঘটনার সামগ্রিক চিত্রই দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এ ঘটনা অস্বীকার করে যান, তাহলে বিরোধী দলের আর কিছু বলার থাকবে না।
নাহিদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি তথ্য-উপাত্তসহ বক্তব্য দিয়েছেন এবং আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই আগুন লাগানোর সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে কেন, সে প্রশ্ন তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িতে মানুষ থাকে না, দুটি ছাগল ছিল।
এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় ডেপুটি স্পিকার বিরোধী দলীয় চিফ হুইপকে অনুমতি নিয়ে কথা বলার আহ্বান জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, ‘গত রাতে ১২টা ২০ মিনিটে ঘটনা ঘটেছে। আজকে আমি তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সব তথ্যসহ স্টেটমেন্ট দিয়েছি। বাংলাদেশের পার্লামেন্টে এভাবে তথ্য, ছবি ও ভিডিওসহ বক্তব্য দেওয়ার রেকর্ড আছে বলে আমার জানা নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম তখন ঢাকায় ছিলেন। তাঁর মা-বাবা ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে তিনতলা বাড়িতে থাকতেন। বাড়িটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং, বাতি ও মিটারের ছবি সংগ্রহ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আশপাশের লোকজনের বক্তব্যও নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সমন্বয়ে তদন্ত করা হচ্ছে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সংগ্রহ করা ডকুমেন্ট সংসদের সামনে তুলে ধরেন।
এ সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্য হান্নান মাসুদসহ কয়েকজন দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন। স্পিকার তাঁদের বসার আহ্বান জানিয়ে বলেন, সংসদে পার্লামেন্টারি রীতিনীতি ও চর্চা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের জবাব দিচ্ছেন, তাঁকে বাধা দেওয়া উচিত নয়। বিরোধী দলের সদস্যদের বক্তব্যের সুযোগ পরে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ডেপুটি স্পিকার জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্যের সময় তিনি মনোযোগ দিয়ে শুনেছেন। এখন তাঁর বক্তব্যও শোনা উচিত।
এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী আবার তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা তদন্ত করেন। অন্য কোনওভাবে আগুন লাগানো হলে সেটাও তদন্তের পর বলা যাবে।’
রাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে, যার নম্বর ৭০৩। দুই দিন আগে নুসরাত তাবাসসুম কোনও জিডি করে থাকলে সে বিষয়ে প্রশ্ন তোলা হলে তারও জবাব দিতে তিনি প্রস্তুত। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দায়ী করতে চান না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে যদি কোনও রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে, তাহলে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি দুর্ঘটনাবশত আগুন লেগে থাকে, সেটাও তদন্ত রিপোর্টের পর বলা যাবে। তদন্ত সমাপ্ত হয়নি, তদন্ত চলছে। কেবল আজকে থেকে শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, আগের সরকারের আমলের মতো কোনও ঘটনা ঘটলেই কাউকে দায়ী করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বর্তমান সরকার। ফ্যাসিবাদের দোসররা এ ঘটনায় জড়িত থাকলে তদন্তে তা-ও বেরিয়ে আসবে। তবে তদন্তের আগে ঢালাওভাবে কাউকে দায়ী করতে চায় না সরকার।
পরে ডেপুটি স্পিকার বলেন, জিডির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের ও তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন সংসদে উপস্থাপনের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়ে থাকলে সে অনুযায়ী তা উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
সংসদে এই পরিস্থিতির আগে সংসদের বৈঠকের শুরুতেই বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। ওই সময় তিনি দাবি করেন, গত রাত থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন, সেখানে পেট্রোল বোমার কোনও আলামত পাওয়া যায়নি। অথচ তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। দুপুর পর্যন্ত সেখানে কোনও ফরেনসিক দল যায়নি। কোনও ফরেনসিক তদন্ত ছাড়াই ওসি কীভাবে বলতে পারেন, সেখানে বোমা মারা হয়নি—তা তাঁর জানা নেই।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় একজনকেও গ্রেফতার করা হয়নি। সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে না?
নাহিদের এই বক্তব্যের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন না। পরে সংসদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হলে বক্তব্য রাখেন।
ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জবাবে বলেছিলেন, কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে আগুন লাগানো হয়েছে, নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত—তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
এমএইচএইচ/এআর