কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে যৌথ তদন্ত চলছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থদিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
সংসদে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে অর্থাৎ আজকের ১২ তারিখের শুরুতে ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭.৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন। মূলত ওই টিনশেড বাড়িতে কেউ থাকত না, সেখানে কেবল দুটো ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।
ঘটনার পরপরই প্রশাসনের পদক্ষেপে নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি এবং বিজিবির টিম পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তদন্তের প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবার সঙ্গে আলোচনা করে এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেওয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য দেয়নি। ঘটনাস্থলের ছবি, দেওয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরাতন হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতো তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এই ঘটনায় ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ সেই অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। কেউ যদি এর পেছনে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালিয়ে থাকে, তবে অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদকে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
এমএইচএইচ/এমআর




