Dhaka Mail Logo

জাতীয়

ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

পাবনা-ঢাকা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেসের’ ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি পাওয়া যাচ্ছে। তিন দিনের, অর্থাৎ ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।

পাবনা থেকে ঢাকা রুটে ট্রেনের টিকিটের দাম ধরা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজের সার্ভিস চার্জ ২০ টাকা যোগ হবে। সব মিলিয়ে টিকিটের দাম দাঁড়িয়েছে ৪৪৫ টাকা।

বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে। পরবর্তীতে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনযায়ী, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন এই দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। বিশেষ ওই যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।

নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে। এদিন ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি মধ্যবর্তী ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

/এসআই