নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
আগামী ২০ নভেম্বর হংকংয়ে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কার্য ক্রম উদ্বোধন করবেন। এজন্য আগামী ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনি চীনের হংকং (বিশেষ প্রশাসনিক অঞ্চলে -এইচকেএসএআর) অবস্থান করবেন।
সফরকালে এ নির্বাচন কমিশনার হংকংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার, ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন।
আদেশে বলা হয়, মো. আনোয়ারুল ইসলাম সরকার ১৯ নভেম্বরের কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে অথবা উপযুক্ত সময়ে হংকংয়ের উদ্দেশে যাত্রা করবেন। ২৭ নভেম্বর অথবা উপযুক্ত কোনো তারিখে হংকং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। সফরের যাবতীয় ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প-২।
বর্তমানে ১৭ টি দেশে এনআইডি কার্যক্রম সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে পরিচালনা করছে ইসি।
এমএইচএইচ/এএম