Dhaka Mail Logo

জাতীয়

জাতীয় সংসদের সামনে কনসার্ট: নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরায় নজরদারি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় সংসদের সামনে বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে। আজকের এই উন্মুক্ত কনসার্টে দেশবরেণ্য খ্যাতনামা শিল্পীরা গাইবেন। তাদের গান উপভোগ করবেন হাজারো দর্শকশ্রোতা। অনুষ্ঠানটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।

সকাল থেকেই চলছে মঞ্চ তৈরির কাজ। কনসার্ট ঘিরে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। থাকবে কয়েক স্তরে সাজানো নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। 

S

শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে কনসার্ট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, কনসার্ট উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে ৫০০ পুলিশ সদস্য নিয়জিত থাকবে। এ ছাড়াও তাদের এবং আমাদের মিলে ৩০টির মত সিসি ক্যামেরা দিয়ে পুরো অনুষ্ঠানস্থলে নজরদারি করা হবে। পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা এবং এসআরবি সদস্যরা নিয়োজিত থাকবেন।

সরেজমিন দেখা গেছে, ‘কনসার্ট ফর সলিডারিটি’ শিরোনামে বড় এলইডি মনিটরে বারবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেনাবাহিনীর পোশাক ও ক্যাপ পরিহিত ছবি স্ক্রিনে ভেসে উঠছে। এই কনসার্টের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিকেল ৩টা থেকে কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, টেলিভিশন এডিটরস কাউন্সিল এবং পরিচয় নামের একটি সংগঠন। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত। 

S

তবে এখনো লোক সমাগম শুরু হয়নি। অবশ্য অনেকেই একটু আগেভাগেই এসে মঞ্চ তৈরির কাজকর্ম দেখছেন। কেউ কেউ আগাম ছবিও তুলছেন। কনসার্ট এখনো শুরু হয়নি কিন্তু আগাম প্রস্তুতি দেখার জন্য নাখালপাড়া থেকে এসেছেন চার বান্ধবী। তাদের একজন সোনালী। তিনি বলেন, আমরা তো সরাসরি কনসার্ট আগে কখনো দেখিনি। এজন্য আজ ইচ্ছাপূরণ করতে এসেছি। শুনেছি যে দুপুরে কনসার্ট শুরু হবে।

সাউন্ডের দায়িত্বে থাকে ব্যক্তিরা সাউন্ড বক্সগুলো বাজিয়ে পরীক্ষা করছেন। স্টিল, কাঠ প্রভৃতি দিয়ে মঞ্চ সাজানো হয়েছে। এলইডি লাইট, মনিটর, এবং মঞ্চের উপরে স্টিলে লাল রঙের বাতিতে লেখা ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সাউন্ড সিস্টেম অপারেটর, গিটারিস্ট এবং শিল্পীদের বসা ও গাওয়ার জায়গাগুলো তৈরির কাজ চলছে। কনসার্টে আগত লোকজনের পানির পিপাসা নিবারণে ওয়াসার পক্ষ থেকে বড় বড় ট্যাংক বসানো হয়েছে। 

জাতীয় সংসদের সামনে এই কনসার্ট উপলক্ষে আড়ং মোড় হয়ে খামার বাড়ি মোড়ে যাওয়ার রাস্তা দুই দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কনসার্ট বিকেলের দিকে শুরু হওয়ার কথা রয়েছে। এজন্য ব্যাপক আয়োজন চলছে। কনসার্ট মঞ্চের সামনে বসানো হয়েছে চেয়ার টেবিল এবং সোফা। জাতীয় সংসদের মন্ত্রী এবং সংসদরা কনসার্টে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে।

কনসার্ট কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হতে পারে; এজন্য নিরাপত্তার চাদরে পুরো কনসার্ট এলাকা ঘিরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। 

S

কনসার্টে প্রিয় শিল্পীদের গান শোনার পাশাপাশি তাদের বড় বড় এলইডি মনিটরে দেখার সুযোগ রাখা হয়েছে। সকাল থেকে জোরেশোরেই চলছে প্রস্তুতির কাজ।মাইক এবং সাউন্ড স্পিকারগুলো এখন পরীক্ষা করা হচ্ছে। দুপুরের পর থেকে জাতীয় সংসদ ভবনে লোকজন আসতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) আসলাম উদ্দিন সাগর বলেন, আমরা এখনো কোনো ইউটার্ন বা বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেইনি। আড়ংয়ের মোড় থেকে সেচভবন হয়ে ফার্মগেট থেকে আসা যাওয়ার বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছে। এটা চলবে রাত পর্যন্ত। কনসার্ট শেষ হলে আবারো আগের মতো চলাচল শুরু হবে। এখন খেজুর বাগান এবং আড়ংয়ের সামনের রাস্তাটি সচল রাখা হয়েছে। 

এমআইকে/এফএ