Dhaka Mail Logo

জাতীয়

চালু হচ্ছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ নভেম্বর এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

ট্রেন দুটি যাত্রাপথে উভয় দিক থেকে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ট্রেন দুটি চালু করা হচ্ছে। নতুন এই ট্রেন চালুর ফলে ঢাকা ও পাবনার মধ্যে আন্তঃনগর রেল যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে।

এম/এএম