জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে সিটি হাসপাতলে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় নেতৃত্বদানকারী গ্রাফিক্স কলেজের ছাত্রদল নেতা আবদুল সালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সালামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর আগে, মঙ্গলবার গভীর রাতে হাসপাতালটিতে ৭০-৮০ জন যুবক নিয়ে প্রবেশ করে আব্দুস সালাম। এ সময় তারা হাসপাতালের এমডিকে খুঁজতে থাকে। পরে তাকে না পেয়ে সেখানকার এক কর্মীকে মারধর করে। পরে তারা ভাঙচুর ও লুটপাট চালায়। এতে হাসপাতালটির ৫০-৬০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।
হামলার ঘটনার আগে এক নারী রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীর স্বজনরা চিকিৎসা বিলে ছাড় চান। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ও দেয়। তারা বিল পরিশোধ করে চলেও যায়। কিন্তু তারা যাওয়ার ১০ মিনিট পর ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালের ভেতর ঢুকে হামলা চালানো হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এমআইকে/এসআই