নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ‘নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য।’
মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে একটি পানির পাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকার মিরপুরের পশ্চিম বাইশটেকিতে পানির সংকট নিরসনে নতুন একটি পানির পাম্প স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘পানি জীবনের অপরিহার্য উপাদান। দৈনন্দিন জীবনযাপনে সুপেয় পানির গুরুত্ব অপরিসীম।’
তিনি বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগটি বাস্তবায়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এলাকার পানির সংকট নিরসনে আরও একটি নতুন পাম্প স্থাপনের দাবির বিষয়ে ইতিবাচক সম্মতি জানিয়ে প্রশাসক বলেন, ‘দ্রুত স্থান নির্বাচন করে সিটি করপোরেশনের অনুমোদন নেওয়া হবে। পরে ঢাকা ওয়াসার মাধ্যমে পাম্প স্থাপনের কাজ বাস্তবায়ন করা হবে।’
এ ছাড়া এলাকার পানি নিষ্কাশনে খালকেন্দ্রিক চলমান প্রকল্প বাস্তবায়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে গার্মেন্টস খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার সমালোচনা করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শফিকুল ইসলাম খান। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘আমি এই এলাকার সন্তান। নির্বাচনের ফল যাই হোক না কেন, সব সময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাব। এলাকার সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি এবং উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এম/এএম