ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সবার সহযোগিতা নিয়ে ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানী মিরপুর-২ এলাকায় বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালীর উদ্বোধনকালে তিনি একথা বলেন।
শফিকুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা বাস্তবায়নে ডিএনসিসি ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, ডেঙ্গুমুক্ত ও মশা নিয়ন্ত্রণে রাখতে স্কুল-কলেজকে সম্পৃক্ত করে প্রতি সপ্তাহে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এ উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রশাসক আরও বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। প্রতিটি পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিককে এ কাজে এগিয়ে আসতে হবে। চলার পথে ব্যবহৃত টিস্যু, পানির বোতল বা ছোট কনটেইনার নির্দিষ্ট স্থানে ফেললে শহরের রাস্তাঘাট অনেক বেশি পরিচ্ছন্ন থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসিকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ/এআরএম




