Dhaka Mail Logo

জাতীয়

কাভার্ড ভ্যানে ১৫ লাখ টাকা মূল্যের চোরাই সামগ্রী জব্দ, চোর গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পরিবহনের পথে কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় সুজন হোসেন (২১) নামে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিআইডির পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. সুজন হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ২৪ কার্টুন চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, গত ৪ অক্টোবর চীন থেকে আমদানি করা মাইক্রোফোন, মাইক্রোফোন স্ট্যান্ড, টেলিপ্রম্পটার, সফট বক্স ও মোবাইল ফোন হোল্ডারসহ ১ হাজার ২৬০ কার্টুন ইলেকট্রনিক্স সামগ্রী চট্টগ্রাম বন্দর থেকে তিনটি কাভার্ড ভ্যানে ঢাকায় পাঠানো হয়। ফিউচার প্লাস লজিস্টিকস ট্রান্সপোর্ট কোম্পানির মাধ্যমে পাঠানো এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। পরদিন ৫ অক্টোবর রাত ২টা ৩৫ মিনিটে কাভার্ড ভ্যানগুলো রাজধানীর পুরানা পল্টনে মেসার্স আবেদিন এন্টারপ্রাইজের গোডাউনে পৌঁছায়। সেখানে দুটি কাভার্ড ভ্যানের মালামাল ঠিক থাকলেও চালক মো. রবিউলের মাধ্যমে পাঠানো (চট্টগ্রাম মেট্রো-ট-১১-৯২৯৭) কাভার্ড ভ্যানে ৪১০ কার্টুনের মধ্যে ৬৭ কার্টুন মালামাল পাওয়া যায়নি। চুরি হওয়া এসব পণ্যের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এ ঘটনায় আবেদিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে সিআইডির একটি দল গত ২ নভেম্বর সন্ধ্যায় মিরপুরের দারুসসালাম রোডে মিসকো সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে সুজন হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ২৪ কার্টুন মালামাল জব্দ করা হয়।

গ্রেফতার আসামি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআইকে/এফএ