নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সহায়তার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ৩০০টি ওয়েস্ট বিন দিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কার্যক্রমের আওতায় ব্যাংকটি এসব বিন সরবরাহ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর নগর ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির কাছে এসব ওয়েস্ট বিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
ডিএসসিসি জানিয়েছে, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দেওয়া ৩০০টি ওয়েস্ট বিন নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যবহার করা হবে। এর মাধ্যমে নাগরিকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে উৎসাহিত করার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করছে সংস্থাটি।
‘আমার শহর আমার দায়িত্ব, আমি বদলাই ঢাকা বদলাবে’ এই স্লোগান সামনে রেখে নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করছে ডিএসসিসি।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়। এক্ষেত্রে নগরবাসীরও সমান দায়িত্ব রয়েছে। সিটি করপোরেশন তার দায়িত্ব পালন করবে, পাশাপাশি নাগরিকদেরও নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়।’
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতার প্রশংসা করে আবদুস সালাম বলেন, ‘নগর উন্নয়নে ব্যাংক, বিমাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সড়ক বিভাজক ও উন্মুক্ত স্থানে সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজে করপোরেট প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
নগরবাসীর সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, ডিএসসিসির বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংকটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএইচ/এএম