Dhaka Mail Logo

জাতীয়

‎শ্রমিকদের আন্দোলন থেকে ১১ জন গ্রেফতার, পুলিশ বলছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। পুলিশ বলছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।
‎
‎রোববার (১ নভেম্বর) দিনভর অভিযানে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান। 

তিনি বলছেন, ‘কয়েকদিন ধরে বেতন বৃদ্ধি দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলছে। তবে গতকাল থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে। আজকেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।’

রাকিব খান জানিয়েছেন, ‘মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকাতার চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনের মাঝ থেকে এমন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘মিরপুর ১০ ও এর আশেপাশের এলাকায় অভিযানে গ্রেফতারকৃতরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃনমুল নেতা। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘আলিফই মূলত ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই সকল নেতাকর্মীদের ঢাকায় এনেছে। প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।’
‎
‎একেএস/এএইচ