নিজস্ব প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতান।
রোববার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে গত ২৫ অক্টোবর অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর কিংবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসি সদস্যের পদে বহাল থাকবেন।
অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি ওই বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন। তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে ওই বছরের ১ আগস্ট নিজ কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলে তিনি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’-এর সহসভাপতি ছিলেন, তবে বর্তমানে কোনো সাংগঠনিক পদে তিনি নেই।
আরএনবি/এএস