নিজস্ব প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
আগামী গ্রীষ্মে চলতি বছরের মতো বিদ্যুৎ সংকটে পড়তে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়িয়ে আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাসাবাড়ি ও শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আমাদের সৌরবিদ্যুতের দিকে যেতে হবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে আমরা ব্যাপক পরিকল্পনা নিয়েছি। আশা করি, আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমাতে পারব।
তিনি আরও বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। দেশের মানুষকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে উৎসাহিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে অফ-গ্রিড হয়ে গেছেন। নিজের বাসায় তিনি আর জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছেন না। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। দেশের মানুষকেও সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানাই।
মন্ত্রী বলেন, বাসাবাড়ির পাশাপাশি শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্যও সরকার ব্যবস্থা নিচ্ছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে একটি বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে জ্বালানির চাহিদা ও সরবরাহের ব্যবধান কমিয়ে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। আগামী গ্রীষ্মে যেন চলতি বছরের মতো বিদ্যুৎ সংকটে মানুষকে ভুগতে না হয়, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ চলছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ খাতের স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান কমিয়ে আনা এবং ভবিষ্যতে মানুষের ভোগান্তি এড়ানোই এ পরিকল্পনার মূল লক্ষ্য। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি জাতীয় গ্রিডে সেই বিদ্যুৎ যুক্ত করার সক্ষমতা ও প্রস্তুতিও রয়েছে।
উল্লেখ্য, আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। ৩ নভেম্বর এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এমআর/এফএ