Dhaka Mail Logo

জাতীয়

সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম

রাজধানীর পল্টন কালভার্ট রোডে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহর মালিকানাধীন গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত সুলতানকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে একটি শাখা সড়কে গাড়িটি রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সিবগাতুল্লাহর ছেলে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ। তবে দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে রয়েছে।  গাড়িটি কে চালাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এএম