Dhaka Mail Logo

জাতীয়

নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছের টব বসাল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানের পর দখলমুক্ত ফুটপাতে পুনরায় দখল ঠেকাতে এবং সৌন্দর্য বাড়াতে বসানো হয়েছে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অভিযানে নীলক্ষেত মোড়সংলগ্ন নিউ মার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেটসংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সঙ্গে প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কও দখলমুক্ত করা হয়।

অভিযান শেষে দখলমুক্ত ফুটপাতের বিভিন্ন স্থানে সাময়িকভাবে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব স্থাপন করা হয়। মূলত ফুটপাতের পুনর্দখল ঠেকানোর পাশাপাশি এলাকার সৌন্দর্য বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

dscc_2অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

তিনি বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সংশ্লিষ্টদের বারবার অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ দখল করলে তাঁদের মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আবদুস সালাম বলেন, নিউ মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনোভাবেই জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

dscc_1হকার নীতিমালায় সার্ভিস চার্জ কমানোর দাবির বিষয়ে তিনি বলেন, হকারদের পক্ষ থেকে জানানো দাবিটি ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর সে অনুযায়ী তালিকা তৈরি করা হবে। তালিকার বাইরে কাউকে কোথাও বসার সুযোগ দেওয়া হবে না।

এলাকার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

এম/এএম