নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম
নারায়ণগঞ্জে ‘উৎসব পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় আতিক (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাসুদ (৩৮) নামে আরেক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন স্বজনেরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার কালীবাজার চাড়ারগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে আতিককে মৃত ঘোষণা করেন।
নিহত আতিকের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর স্কুল গ্রামে। তার বাবার নাম সাদেকুল ইসলাম। তার চার ভাই ও তিন বোন রয়েছেন। পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে তার। এ ছাড়া তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।
অন্যদিকে, আহত মাসুদ নাটোরের গুরুদাসপুর থানার বিয়াঘাট গ্রামের মো. আউয়ালের ছেলে। তারা দুজনই নারায়ণগঞ্জে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আরও পড়ুন:
নিহত আতিকের ভাই মো. লেবু জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জের কালীবাজার চাড়ারগোপ এলাকায় একটি চায়ের দোকানের সামনে নিজেদের অটোরিকশায় বসে চা পান করছিলেন আতিক ও মাসুদ। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা বেপরোয়া ‘উৎসব পরিবহন’-এর একটি বাস তাদের অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার ভাই আতিককে মৃত ঘোষণা করেন। আহত মাসুদ জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আতিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অপর অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, আহতদের স্বজনদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
এমএমআর/এসআই