Dhaka Mail Logo

জাতীয়

‎সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই আদেশ দেন।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

‎দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল হাসান আয়কর আইন-২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বরিশাল কর অঞ্চলের সার্কেল-১৫ (বরগুনা)-এ থাকা ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের নির্দেশনা চাওয়া হয়।

‎দুদকের আবেদনে বলা হয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের ২৯ জানুয়ারি মামলা করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

‎মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং তার মালিকানায় অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এ জন্য তার নামে থাকা আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

‎একেএস/এএম