Dhaka Mail Logo

জাতীয় / সারাদেশ

পেশী শক্তি নয়, পেশাদারিত্ব বজায় রাখতে হবে: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম

পুলিশকে পেশী শক্তির পরিবর্তে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইনস্পেক্টর ব্যাচ ২০০৬ এর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন। 

এ সময় তিনি বলেন, জনগণকে সেবা দানে আন্তরিক হতে হবে। আইনের সুরক্ষা দিতে হবে। কাজ করে হৃদয় জয় করতে হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি নির্দেশনা দিচ্ছি আপনারা পেশিশক্তির পরিবর্তে পেশাদারিত্ব দক্ষতার সাথে আইনের প্রয়োগ ঘটাবেন। নিরপরাধ ব্যক্তিকে সুরক্ষিত রাখতে হবে। অপরাধের ধরণ পরিবর্তিত হচ্ছে। নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রয়োজন মোতাবেক দক্ষতা অর্জনের গুরুত্বারোপ করেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, সেবাপ্রত্যাশী সকল শ্রেণী পেশার অসহায় মানুষের সেবা দানে আন্তরিকতা, সকল প্রকার ভয়-ভীতি, পক্ষপাতিত্বকে উপেক্ষা করে জনমানুষকে আইনি সেবা ও সুরক্ষা দেওয়াসহ সর্বোপরি, মানুষের পাশে থেকে, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই 'জনগণের পুলিশ' হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের জন্য কাজ করবেন, মানুষের হৃদয় জয় করবেন।  

সবার আগে বাংলাদেশ স্লোগান ধারণ করে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

সমাপনী কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিস সার্জেন্ট ৮৪ জন ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। 

এ সময় মঞ্চে তার সাথে আইজিপি মো. আলী হোসেন ফকির এবং অ্যাডিশনাল আইজিপি ও বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল মো. মাইনুল হাসান উপস্থিত ছিলেন। এএসপি প্রবেশনার মো. মাহবুব হোসেন প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। 

বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীরা হলেন- শিক্ষানবিস সার্জেন্ট মো. ওমর ফারুক (পিআই-২৭১০২) (Best Sergeant), মোহাম্মদ দেলোয়ার হোসাইন (পিআই-২৭১১২), (Best Academic), সাইফুল ইসলাম (পিআই-২৭৩৩২) (Best in Field Activities), মো. আসাদুজ্জামান (পিআই-২৭২২৩) (Best Shooter)। এবং ক্যাডেট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম (পিআই-৪৩১০৬) (Best Cadet), ক্যাডেট সাব-ইন্সপেক্টর মো. বোরহানুল ইসলাম (পিআই-৪৩১৪৯) (Best Academic) ক্যাডেট সাব-ইন্সপেক্টর দেওয়ান গোলাম রসুল (পিআই-৪৩২৪৭) (Best in Field Activities) এবং ক্যাডেট সাব-ইন্সপেক্টর মোঃ কামাল গনি (পিআই-৪৩২৩৮) (Best Shooter)।

বর্ণাঢ্য এ প্যারেড অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ আরো অনেক স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে নবনিযুক্ত শিক্ষানবিস সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্তব্যপরায়ণতার সাথে কাজ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, ২৭তম শিক্ষানবিস সার্জেন্ট ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে নিজ নিজ ইউনিটে যোগদান করবেন এবং ৪৩তম ক্যাডেট এসআই তাদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস এসআই (নিরস্ত্র) হিসেবে বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

প্রতিনিধি/এআরএম