Dhaka Mail Logo

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আগামী ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্যকোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা পূর্ব হতে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর অর্থাৎ ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর তারিখ বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

‘বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এই নির্বাচনে প্রার্থীরা হলেন- মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে এই আসন থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর ভোটের তফসিল দেয় ইসি।

এমএইচএইচ/এএম