বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৭ থেকে ৩১ অক্টোবর আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৭ থেকে ৩১ অক্টোবর আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ
নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন করতে পারবেন না।

বুধবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ (The Arms Act, 1878)-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবরের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের আওতাধীন লাইসেন্সধারী ব্যক্তিদের নিজ নিজ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানায় অথবা বৈধ ডিলারের কাছে জমা দিতে হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য এবং সরকারি, আধাসরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন—ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, দাঁড়িপাল্লা প্রতীকে মো. দেলাওয়ার হোসেন, বটগাছ প্রতীকে মো. আবদুল আলীম নিজামী, হাতপাখা প্রতীকে হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এমএইচএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর