Dhaka Mail Logo

জাতীয়

কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

‎রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

‎শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় কণ্ঠশিল্পী এই মামলাটি করেন।

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এটি পরিকল্পিত হামলা কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশের ক্যামেরার ভিডিও সংগ্রহ এবং হামলাকারীর পরিচয় শনাক্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন তদন্তকারীরা।

মামলার ‎বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকা মেইলকে বলেন, শনিবার রাতে হাতিরঝিল থানায় মামলাটি হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে কাজ করছি। আশা করছি খুব শিগগির গ্রেফতার করতে পারবো।

পুলিশ কর্মকর্তা জানান, আসিফ আকবরের গাড়িতে কার্তুজ পাওয়া গেছে। আমরা ধারণা করছি, পিস্তল অথবা রিভলভারের গুলি হতে পারে। আমরা উদ্ধারকৃত কার্তুজটি ব্যালিস্টিক রিপোর্টের জন্য পাঠিয়েছি। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

আসিফের গাড়িতে গুলি, যা বললেন গায়কের স্ত্রী

গতকাল শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা ঘটে। এ সময় কণ্ঠশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি তখন বিশাল সেন্টারে অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ে (স্টুডিওতে) ছিলেন। গুলির সময় তার গাড়িতে কেউই ছিলেন না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

‎পুলিশের তথ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। এরপর ওই ব্যক্তি আবার অটোরিকশায় করে মালিবাগের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং এ ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

‎একেএস/জেবি

‎