জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় সরগরম সামজিক মাধ্যম। গায়কের সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকেই এ নিয়ে উদ্বিগ্ন। এবার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন আসিফের স্ত্রী সালমা আসিফ মিতু।
শুরুতেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে মিতু বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বাবা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’

এ ঘটনায় কে বা কারা জড়িত বুঝে উঠতে পারছেন না গায়কের স্ত্রী। বরং গুলি-কাণ্ড অবিশ্বাস্য লাগছে তার কাছে। এরকম উল্লেখ করে বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি। আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’
আজ ২৪ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সেসময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। তিনি অক্ষত রয়েছেন। সেই সঙ্গে এই হামলার ঘটনায় দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। এই হামলার সঙ্গে আসিফের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
আরআর




